শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের কারণ বের করতে সরকার দেশব্যাপী একটি জরিপ করছে। এতে দেশে কী পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে, তা বের করা হবে। এরপর এটাকে সামনে রেখে কর্মপরিকল্পনা নেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুল হক বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে যেকোনোভাবেই হোক দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা হবে। এবং ২০২৫ সালের মধ্যে এ দেশ থেকে শিশুশ্রম চিরতরে বিদায় করব।’
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিষয়টি কীভাবে সম্পৃক্ত তা তুলে ধরেন।
২০১৩ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম সমীক্ষার ফলাফল তুলে ধরে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া বলেন, দেশে সাড়ে ৩৪ লাখ শিশু শ্রম দিচ্ছে। এদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮ নম্বর লক্ষ্য হচ্ছে শিশুশ্রম নিরসন করা। কিন্তু এই সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূল করাকে জাতীয়ভাবে প্রাধান্য দিচ্ছে না। এমনকি সরকারের সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় এই বিষয়টি আলোকপাত করা হয়নি। নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে এ বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান এই অধ্যাপক।
বৈঠকে শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সাংসদ সামছুল আলম, কাজী রোজী, জেবুন্নেছা আফরোজ, মো. নূরুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।