সংস্কার না করায় রাজধানীর নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের সংযোগ সেতুর দুই-তৃতীয়াংশ পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ, সংযোগ সেতুর পলেস্তারা খসে পড়লেও তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে এ দুটি মার্কেট।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, সেতুর পলেস্তারা খসে পড়ার বিষয়টি আগে জানা ছিল না। সংযোগ সেতুটি সংস্কারের জন্য ডিএসসিসির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা বরাবর এই সংযোগ সেতু। এর নিচের অংশে প্রায় দুই-তৃতীয়াংশ পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যেকোনো সময় পলেস্তারা খসে পথচারী ও যানবাহনের ওপর পড়তে পারে। সেতুর নিচের সড়কে লেগে আছে তীব্র যানজট। সেতু দখল করে অবৈধভাবে বসছে জামাকাপড়ের দোকান৷ এতে ক্রেতাদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
সেতু-সংলগ্ন সড়কের ফুটপাতে প্রায় দুই বছর ধরে শীতের কাপড় বিক্রি করেন সোলায়মান মিয়া। তিনি বলেন, সেতুর পলেস্তারা খসে প্রায়ই পথচারী ও যানবাহনের ওপর পড়ে। তাই হকাররা সাধারণত এই সেতুর নিচে বসেন না। তা ছাড়া এই সড়কে দিনের অধিকাংশ সময়ই যানজট লেগে থাকে। ফলে পথচারীরা সব সময়ই আতঙ্কে থাকেন।
ডিএসসিসির সূত্র জানায়, ক্রেতাদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ১৫ বছর আগে নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা বরাবর ওই সেতু নির্মাণ করা হয়। এতে খুব সহজেই এ দুটি মার্কেটে আসা-যাওয়া করতে পারেন ক্রেতারা।
নিউমার্কেটের পেছনের সড়কে হেঁটে আজিমপুরের বাসায় যাচ্ছিলেন ঢাকা কলেজের স্নাতক (সম্মান) দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন। তিনি বলেন, কলেজ থেকে নিউমার্কেটের পেছনের সড়ক দিয়ে বাসায় যেতে কম সময় লাগে। তাই নিয়মিত এ সড়ক দিয়েই চলাচল করতে হয়। কিন্তু সব সময়ই ওই সেতুর পলেস্তারা খসে পড়ার আতঙ্কে থাকতে হয়।