ঝুঁকিপূর্ণ সত্ত্বেও চলছে ভারী যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তিতাস সেতুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সতর্কবাণী উপেক্ষা করে এর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনাসহ সারা দেশের সঙ্গে সিলেট বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘এই সেতু দিয়ে নিয়ম মেনে যান চলাচলের বিষয়টি তদারকির জন্য আমাদের পক্ষ থেকে বারবার হাইওয়ে পুলিশকে বলা হচ্ছে। সতর্কতার জন্য একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনও প্রচার করা হয়েছে। কিন্তু প্রতিকার পাচ্ছি না। সেতুটি আরও দুই বছর টেকাতে হবে। না হলে সমস্যা হয়ে যাবে। সারা দেশের সঙ্গে সিলেট বিভাগের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।’

সড়ক ও জনপথ (সওজ) ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৯৬৩ সালে সরাইলের শাহবাজপুর এলাকায় তিতাস নদের ওপর ২০৩ মিটার দীর্ঘ এই সেতু নির্মিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় ১৩ এপ্রিল রাতে মুক্তিযোদ্ধারা সেতুর একটি স্প্যান গুঁড়িয়ে দেন। যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি সেনারা পালানোর সময় এর আরও একটি স্প্যান গুঁড়িয়ে দেয়। স্বাধীনতার পর ক্ষতিগ্রস্ত দুটি স্প্যানে বেইলি সেতু স্থাপন ও ১৯৮৬-৮৭ সালে স্প্যান দুটি নির্মাণ করা হয়। এসব কারণে সেতুটি দুর্বল হয়ে পড়ে। সেতুর মাঝখানে দুটি স্প্যানে ফাটল দেখা দিলে গত বছরের ২৮ আগস্ট ২৪ ঘণ্টা যান চলাচল বন্ধ রেখে দুই লেনে ১০০ ফুট করে পাশাপাশি দুটি বেইলি সেতু স্থাপন করা হয়।

সেতুর ৮-১০ জায়গায় রেলিং ভেঙে গেছে। ফাটল ধরেছে একাধিক জায়গায়। ফাটল ও ভাঙা জায়গায় দেওয়া হয়েছে জোড়াতালি। বেইলি সেতুর উভয় পাশের পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পণ্য ও যাত্রীবাহী গাড়ি উঠলেই জোরে কাঁপতে থাকে সেতু। ২০ টনের অধিক পণ্যবাহী এবং একই সঙ্গে দুই দিক থেকে যেন কোনো যানবাহন না ওঠে, সে জন্য কর্তৃপক্ষ দুই পাশে সতর্কবাণী ঝুলিয়ে রেখেছে। কিন্তু চালকেরা এই সতর্কবাণী মানছেন না। সেতুর ওপর দিয়ে পাথরবোঝাই ৪০-৫০ টন ওজনের গাড়ি পারাপার হচ্ছে নিয়মিত। মাঝে মাঝে পার হচ্ছে ১০০ টন ওজনের ১৮ চাকার লরি।

সিলেটের ট্রাকচালক আলমগীর মিয়া বলেন, ‘ফতি সপ্তাখে এখবার এই বিরিজ ফার অই। ফার অনের সুময় বেশি বেশি আল্লাহর নাম স্মরণ খারতে অই। ভয় খরে, না জানি কোন দিন ভাইঙা ফরে।’

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজীব আহমেদ বলেন, সেতুটি ধসে গেলে তাঁর ইউনিয়নের রাজামাড়িয়াকান্দি ও বৈষামুড়া গ্রামের প্রায় আট হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়বে। আবার বিজয়নগর উপজেলার ইসলামপুর কলেজে যেতেও শিক্ষার্থীরা বিপাকে পড়বে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর তিতাস সেতুতে পুলিশের নজরদারি প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে নির্দেশনা আসেনি। সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এরপরও নির্দেশনা না থাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ করতে পারছি না। সেতুর পাশেই রয়েছে শাহবাজপুর পুলিশ ফাঁড়ি। তারা এ বিষয়টি সহজেই তদারকি করতে পারে।’

ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ প্রথম আলোকে বলেন, ‘তিতাস নদের ওপর একটি নতুন সেতু নির্মাণ এবং পুরোনো সেতুটি সংস্কারের জন্য ৬৬ কোটি ৯০ লাখ টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য ২১৯ দশমিক ৪৫ মিটার ও প্রস্থ ১৪ মিটার। আশা করি, আগামী জানুয়ারির শেষ দিকে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। নতুন সেতু নির্মাণের পর পুরোনো সেতুটি মেরামত করা হবে। সে জন্য অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে।’