ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল
সিলেটের বিশ্বনাথ-দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তী বাসিয়া নদীর ওপর বাঁশের সাঁকোটি দক্ষিণ সুরমার ছয়টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে দিয়েছে। কিন্তু সরু ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো পারাপারে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই উপজেলার সীমান্তবর্তী কামালবাজার এলাকার এ সেতুটির এক পাশে ২৫০ মিটার দূরে একটি এবং প্রায় এক কিলোমিটার দূরে আরেকটি সেতু রয়েছে। কিন্তু দূরত্ব কমাতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মূলত এ সাঁকোটিই ব্যবহার করেন। এটি দিয়ে বাসিয়া নদীর উত্তর পাড়ে (কামালবাজার) আসা-যাওয়া করেন দক্ষিণ সুরমার সৈদপুর, বেটুয়ারমুখ, কৃষ্ণপুর, লতিপুর, নিশ্চিন্তপুর, নুয়াপাড়া গ্রামের লোকজন। প্রতি রবি ও বৃহস্পতিবার কামালবাজারে হাট থাকে। তখন এক দিনে প্রায় দেড় হাজার মানুষ সাঁকোটি দিয়ে চলাচল করেন।
বেটুয়ারমুখ গ্রামের বাসিন্দা ও কামালবাজার আলিম মাদ্রাসার ছাত্র ইমরান আহমদ বলেন, সাঁকোর দুই পাশে যে দুটি সেতু আছে, সেগুলো পার হয়ে মাদ্রাসায় যেতে অনেক ঘুরতে হয়।
সৈদপুর গ্রামের আবদুল কাদির বলেন, সাঁকোটি অনেক উঁচু। সরু এ সাঁকোর পরিবর্তে এখানে একটি সেতু করা হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর উপকার হতো। এ সাঁকো দিয়ে বেটুয়ারমুখ গ্রামের ৩০০, সৈদপুর গ্রামের ২৫০ ও কৃষ্ণপুর গ্রামের ৩০টি পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করেন।
কলেজছাত্রী হালিমা বেগম জানায়, ওই দুই সেতু দিয়ে মূল সড়ক হয়ে বাজার ও অন্যান্য স্থানে যেতে সময় বেশি লাগে। জরুরি কাজ থাকলে ঝুঁকিপূর্ণ হলেও মানুষ সাঁকোটিই বেশি ব্যবহার করেন।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাসিব ও দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মকব্বির আলী বলেন, সাঁকোর পরিবর্তে এখানে সেতু হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সময় বাঁচত, দূরত্বও কমত। যাতায়াতও অনেক নিরাপদ হতো।