ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে নদী পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভায় ডাকাতিয়া নদীর ওপর ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করছে ১০ এলাকার মানুষ। দীর্ঘ সময়ে স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাকসাম-চাঁদপুর রেললাইনের পাশে বাঁশের তৈরি এই সাঁকোর অন্য পাশে বাইপাস সড়ক। স্থানীয় লোকজন জানান, লাকসাম পশ্চিমগাঁও, অশোকতলা, পেরাপুর, ইরবাইন, কান্দিরপাড়সহ কয়েকটি এলাকার মানুষ ঝুঁকি নিয়ে এ সাঁকো দিয়ে যাতায়াত করে। সাঁকো পার হয়ে তারা সড়কে ওঠে। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও এই সাঁকোর ওপর দিয়েই যাতায়াত করে।

সেতুর কাছে অবস্থিত জেলেপিল্লর বাসিন্দা নিরঞ্জন বর্মণ ও রমণী বর্মণ জানান, আগে মানুষ রেলসেতুর ওপর দিয়ে হেঁটে যাতায়াত করত। এ পর্যন্ত অন্তত পাঁচব্যক্তি ওই সেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তাই চার বছর আগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তবে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করা না হলে জনগণকে আরও বেশি ভোগান্তি পোহাতে হবে।

লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন খন্দকার জানান, এখানে স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবনা রয়েছে। ইতিমধ্যে মেয়র উদ্যোগ নিয়েছেন।

জানতে চাইলে লাকসাম পৌরসভার মেয়র মফিজুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সাড়া পেলেই কাজ শুরু করা হবে। বিকল্প হিসেবে মুদাফফরগঞ্জ সড়কের বেইলি সেতুটি এখানে আনার চেষ্টা করা হবে।