ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চার গ্রামের মানুষের যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চার গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। সাঁকোটি পার হতে গিয়ে এক বছরে শিশুসহ দেড় শতাধিক লোক আহত হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের বড় বাসাইল গ্রামের মোল্লাবাড়ির পশ্চিম পাশে প্রায় ৭০ ফুট দীর্ঘ বাঁশের সাকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সাঁকো দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বাসাইল, বড় বাসাইল, রাজিহার ও পশ্চিম রাজিহার গ্রামের শত শত মানুষ যাতায়াত করছে। সাঁকোরে বাঁশগুলো অনেকটা পচে গেছে। এক পাশের ধরনি নেই।এলাকাবাসী জানান, এখানে একটি সেতু না হওয়ায় ওই চারটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী যাতায়াতের সুবিধার্থে বছর আটেক আগে নিজেরা চাঁদা দিয়ে বাঁশের সাঁকোটি তৈরি করে যাতায়াত করছে। প্রতি বছর তারা চাঁদা দিয়ে সাঁকোটি সংস্কার করে।বড় বাসাইল গ্রামের সেকেন্দার হোসেন, আবদুল হাকিম, বাসাইল গ্রামের আবু তালেব সরদার, শাহজাহান বেপারী ও এনামুল হক জানান, আগৈলঝাড়া উপজেলা সদরের সঙ্গে ওই চারটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র পথ রাজিহার-আগৈলঝাড়া সড়ক। এ সড়কে উঠতে বাসাইল মোল্লাবাড়ির পশ্চিম পাশে এলাকাবাসীর চাঁদায় সাঁকোটি তৈরি করা হয়েছে। রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার সেতুর অভাবে চার গ্রামের মানুষের দুর্ভোগের কথা নিশ্চিত বলেন, এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাঁকোটি দিয়ে যাতায়াত করতে গিয়ে এক বছরে দেড় শতাধিক পথচারী আহত হয়েছে বলে জানান তিনি। এলজিইডি আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতু নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রাক্কলন অনুমোদন সাপেক্ষে শিগগিরই সেতু নির্মাণ করা হবে।