শত বছরের পুরোনো ও ঝুঁকিপূর্ণ একটি একতলা ভবনে থাকা প্রাণিসম্পদ অফিসের কৃত্রিম প্রজনন পয়েন্টটি উচ্ছেদ করে সেখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন জোরপূর্বক ‘কালেক্টরেট কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এ সংবাদে নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় থাকা নিবন্ধিত ৮০-৯০টি দুগ্ধ খামারের মালিকেরা ক্ষোভ প্রকাশ করে জেলা প্রাণিসম্পদ অফিসের শাখা অফিসটি উচ্ছেদ না করতে মৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর ১১ সেপ্টেম্বর একটি লিখিত আবেদন করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় অ্যাকটিন শত্রু-সম্পত্তির ভবনে প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজনন পয়েন্টটির অবস্থান। ১৯৮০ সাল থেকে এটি জেলা প্রাণিসম্পদ অফিস হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ নতুন জেলখানার পাশে নতুনভাবে গড়ে তোলা একটি দোতলা ভবনে জেলা প্রাণিসম্পদ অফিসটি স্থানান্তর করা হয়। কিন্তু নারায়ণগঞ্জ পৌর এলাকায় থাকা দুগ্ধ খামারিদের অনুরোধে ডন চেম্বার এলাকায় জেলা অফিসের শাখা অফিস হিসেবে কৃত্রিম প্রজননকেন্দ্রটি কাজ চালিয়ে যাচ্ছিল। ২০১০ সালের মাঝামাঝি হঠাৎ করেই ওই অফিসের বরাদ্দ জেলা প্রশাসকের দেহরক্ষীর নামে দিয়ে দেওয়া হয়। কিন্তু খামারিদের আবেদন এবং সংবাদপত্রে লেখালেখির কারণে ওই সময় জেলা প্রশাসক তাঁর দেহরক্ষীর নামে ওই ভবনের বরাদ্দ বাতিল করতে বাধ্য হন। এরপর চলতি বছর সদ্য সমাপ্ত রমজান মাসের প্রথম দিকে হঠাৎ করেই অফিসটিতে কালেক্টরেট কিন্ডারগার্টেনের একটি বড় সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। যদিও এখনো ওই অফিস জেলা প্রাণিসম্পদ অফিসের শাখা অফিস হিসেবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ভবনটিতে মাত্র তিনটি কক্ষ রয়েছে। ভবনের উত্তর ও দক্ষিণে থাকা দুটি বারান্দার ওপরের পলেস্তারা খসে পড়ছে। ভবনের টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।অফিসের সরেজমিন সহকারী (কৃত্রিম প্রজনন) মো. আমির হোসেন বলেন, ‘এ অফিসে আমরা দুজন কাজ করি। এ অফিসের মাধ্যমে পৌর এলাকার দুগ্ধ খামারিরা বেশ উপকার ভোগ করেন। রাত-বিরেতে খামারমালিকেরা তাঁদের পশুর কোনো সমস্যা হলে আমাদের ডেকে পাঠান। আমরা গিয়ে তাঁদের সেবা দিই। এ ছাড়া যাঁরা ছাগল পালন করেন, তাঁরাও এ অফিসের মাধ্যমে সেবা পেয়ে থাকেন।’ঝুঁকিপূর্ণ ভবনে থাকা একটি সরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করে সেখানে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, বর্তমানে প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজননের কাজে ব্যবহূত ওই অফিসের তেমন কোনো কর্মকাণ্ড নেই। তাই এখানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সন্তানদের জন্য কিন্ডারগার্টেন স্কুল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায়। স্কুলটি পরিচালিত হবে জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায়। জরাজীর্ণ ভবনে স্কুল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক জানান, জেলা পরিষদের মাধ্যমে ভবনটির প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ ছাড়া ভবনের পেছনে আরও জায়গা রয়েছে। সেটিকেও স্কুলের কাজে ব্যবহার করা হবে। প্রথমে নার্সারি ও প্লে গ্রুপ দিয়ে শুরু করা হবে। জেলা প্রশাসন আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে স্কুলটি শুরু করতে চায়। ভবনটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান। বর্তমানে অফিস ব্যবহারকারীদের আগস্ট মাসের শেষে ভবনটি ছেড়ে দেওয়ার কথা বলা হলেও তাঁরা অদ্যাবধি অফিস ছাড়েননি বলে জেলা প্রশাসক জানান।জেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মকর্তা জানান, ডিজি অফিস থেকে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, ডিজির নির্দেশ ছাড়া অফিসটি না ছাড়ার জন্য।