ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে চার উপজেলার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের দুটি সেতুর নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফলে চার উপজেলার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে পারাপার হতে হচ্ছে। এতে এসব উপজেলার বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন।
ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্প বন্ধ হওয়ায় তিন বছরের বেশি সময় ধরে ওই সড়কের দুটি সেতুর নির্মাণকাজ মাঝপথে থেমে গেছে। সড়কপথে জামালপুর সদরের সঙ্গে মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যোগাযোগ সহজ করার জন্য ওই সেতু দুটি নির্মাণ করা হচ্ছিল। সেতু দুটির কাজ শেষ না হওয়ায় এসব উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে জামালপুর সদর থেকে মেলান্দহ ও ইসলামপুর হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত সড়কটির ৩৯ কিলোমিটার প্রশস্ত ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। ওই প্রকল্পের মধ্যে মেলান্দহের মালঞ্চ এলাকায় ৯৩ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও দেওয়ানগঞ্জের গামারিয়া এলাকায় ১৫ মিটার দৈর্ঘ্যের আরও একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়। নানা জটিলতায় ২০১১ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ২০১২ সালে জেলা সওজ বিভাগ নিজস্ব অর্থয়ানে জামালপুর থেকে ইসলামপুর পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের কাজ শেষ করলেও সেতু দুটির নির্মাণকাজ করা হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মেলান্দহের মালঞ্চ এলাকার সেতুটির ১২টির মধ্যে সাতটি গার্ডারের কাজ শেষ হয়েছে। পুরোনো ঝুঁকিপূর্ণ, নড়বড়ে ও সরু বেইলি সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। বেইলি সেতুর বিভিন্ন স্থানের ইস্পাতের পাটাতন ভেঙে ও উঠে যাচ্ছে। আবার কয়েকটি স্থানে ছোট ছোট ইস্পাতের টুকরা দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। সেতুর অধিকাংশ নাটবল্টু খুলে অকেজো হয়ে পড়েছে। সওজ কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ সতর্কবার্তা উল্লেখ করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এ ছাড়া দেওয়ানগঞ্জের গামারিয়া এলাকার সেতুটির কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ১৪০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি।
ইসলামপুরের সিএনজিচালিত অটোরিকশাচালক মিজানুর রহমান জানান, বেইলি সেতুটি সরু হওয়ায় এক প্রান্তে যানবাহন উঠলে অপর প্রান্তে অন্য যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়। মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা ঘটছে।
জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহেদুজ্জামান জানান, সেতু দুটির বাকি কাজ সম্পন্ন করতে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। ময়মনসিংহ সওজ জোন থেকে জুন মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। জুলাই মাসের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে।