ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে অতিরিক্ত ওজনের যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী এলাকায় তেলিখালী নদীর ওপর বেইলি সেতু এবং এর দুই প্রান্তের অ্যাপ্রোচ সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সেতু ও অ্যাপ্রোচ সড়ক দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত বাস, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলছে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তখন পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রায় প্রতিদিন ইট, বালু, খোয়া, ব্লক ফেলে ডাম্পিং করেও অ্যাপ্রোচ সড়ক সচল রাখতে পারছে না। বর্তমানে অ্যাপ্রোচ সড়কে লোহার প্লেট বিছিয়ে যোগাযোগ চালু রাখার চেষ্টা চলছে। সওজের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, আশির দশকে ওই এলাকায় তেলিখালী নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ১৯৯৯ সালের শেষের দিকে সওজ ওই সেতুর পাশে বিকল্প এই বেইলি সেতু এবং এর দুই প্রান্তের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করে। রক্ষণাবেক্ষণের অভাব এবং অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারণে সেতু ও অ্যাপ্রোচ সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে তেলিখালী সেতুর দুই প্রান্তে সাইনবোর্ড টানানো থাকলেও কেউ তা মানছে না। পণ্যবাহী যানগুলো নির্ধারিত ওজনের দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে সেতু দিয়ে চলাচল করায় সেতুর ওপর যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর দুই দিকের অ্যাপ্রোচ সড়কও ক্ষতবিক্ষত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই অ্যাপ্রোচ সড়ক দেবে যানবাহন আটকা পড়ছে। তখন সেতুর দুই প্রান্তে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকছে অসংখ্য গাড়ি।পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মৃধা ক্ষোভের সঙ্গে জানান, এ সেতুর ওপর দিয়েই কুয়াকাটায় যেতে হয়। জরুরি ভিত্তিতে সেতু ও অ্যাপ্রোচ সড়ক মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এতে পটুয়াখালীর সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।সওজ, পটুয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজামউদ্দিন জানান, বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সওজের প্রধান কার্যালয়ের একটি দল ২১ জুলাই সেতু ও অ্যাপ্রোচ সড়ক পরিদর্শন করে গেছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা সেতুর নকশা পাঠিয়ে দেবেন। নকশা পেলেই দরপত্র আহ্বান করে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। অ্যাপ্রোচ সড়ক প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক দেবে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সড়ক চালু রাখতে প্রায় প্রতিদিনই ইট, বালু, খোয়া, ব্লক ফেলে ডাম্পিং করা হচ্ছে। এরপরও সড়ক দেবে যায় বলে এখন লোহার প্লেট বিছিয়ে সড়কটি সহনশীল পর্যায়ে রাখা হচ্ছে।