ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা অমান্য করে নীলফামারীর এ সেতুর ওপর দিয়ে নিয়মিত চলাচল করছে অতিরিক্ত মালবোঝাই ট্রাকসহ অন্য যানবাহন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নিষেধাজ্ঞা অমান্য করে নীলফামারীর এ সেতুর ওপর দিয়ে নিয়মিত চলাচল করছে অতিরিক্ত মালবোঝাই ট্রাকসহ অন্য যানবাহন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নীলফামারী শহরের বামনডাঙ্গা নদীর ওপর আনন্দ বাবুর পুল নামে পরিচিত লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সেতুর ওপর দিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পাঁচ টনের বেশি মালবোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নীলফামারী শহর থেকে ওই সেতু দিয়ে বামনডাঙ্গা নদী পার হয়ে ওই পথে জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা ছাড়াও ডালিয়া হয়ে বুড়িমারী স্থলবন্দর এবং কিশোরগঞ্জ উপজেলা শহর হয়ে রংপুরে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকসহ সব ধরনের যানবাহন।
সেতুটির দুই মাথায় টাঙিয়ে দেওয়া হয়েছে সতর্কতার সাইনবোর্ড। ওই সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ’। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই নিষেধাজ্ঞা অমান্য করে এ সেতু দিয়ে ২৫ থেকে ৩০ টন মালবোঝাই ট্রাক পারাপার হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতু দিয়ে ইজিবাইক, যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক, লরি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় ট্রাকচালক মঞ্জুরুল ইসলাম বলেন, নীলফামারী থেকে জলঢাকা ও কিশোরগঞ্জ যাওয়ার একমাত্র পথ হওয়ায় ঝুঁকি নিয়ে ওই সেতু পারাপার হতে হচ্ছে। ওই পথে তিনি প্রতিনিয়ত মালামাল নিয়ে জলঢাকা, কিশোরগঞ্জ, রংপুর, ডালিয়া চলাচল করেন। সেতু এলাকার বাসিন্দা দীপক শীল (২৮) বলেন, ‘সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন উঠলে দুলতে থাকে। সেতু বিভাগ পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও কেউ সেটা মানছেন না। এই সেতু দিয়ে ১০ চাকার ট্রাকেও মালামাল নিয়ে যায়। সেতু বিভাগ সতর্কবার্তা দিয়ে তাদের দায় শেষ করেছে। দুর্ঘটনা না ঘটা পর্যন্ত এটার কোনো সমাধান হবে না বলে আমরা মনে করছি।’
সেতু এলাকার আরেক বাসিন্দা এলাকার মাংস ব্যবসায়ী বেলাল হোসেন (৫০) বলেন, ‘আমরা দিনরাত দেখি ওই সেতু দিয়ে কী পরিমাণ যানবাহন চলাচল করে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি, কখন যে দুর্ঘটনা ঘটে।’
নীলফামারী জেলা মোটর মালিক পরিবহন সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যেই যানবাহন চলাচল করছে। সেটি সংস্কারের ব্যাপারে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছি। কিন্তু সংস্কার হচ্ছে না। বড় কোনো দুর্ঘটনা এড়াতে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি।’
নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, ‘লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওই সেতুর ওপর পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ করে সেতুর দুই প্রান্তে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। এর অধিক ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে।’ তিনি আরও বলেন, নীলফামারী-জলঢাকা সড়কটি প্রশস্তকরণের প্রক্রিয়ায় রয়েছে। ওই প্রকল্পের অধীনে সেতুটিও নতুন করে নির্মাণ করা হবে।