ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের অদূরে নতুন বসতি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপরও সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। ​​ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জ শহরের অদূরে নতুন বসতি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপরও সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। ​​ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

মানিকগঞ্জ জেলা শহরের অদূরে গুরুত্বপূর্ণ নতুন বসতি সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর। আশপাশের অন্তত ১৫ গ্রামের হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু পার হয়। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলজিইডির সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে জেলা সদরের দীঘি ইউনিয়নের নতুন বসতি খালের ওপর নির্মিত সেতুটি গত ২০ সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বেহাল এ সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ছয় মাস আগে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা ও সেতুর নকশা প্রণয়ন করা হয়েছে। ৩০ মিটার দীর্ঘ ও ৩ দশমিক ৬ মিটার প্রস্থের নতুন সেতুর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। তবে অর্থ বরাদ্দের অভাবে সেতুর নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে ২৮ বছর আগে এ সেতু নির্মাণ করা হয়। সেতুটির প্রশস্ততা কম থাকায় শুরু থেকেই বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে আশপাশের গ্রামের কৃষকদের উৎপাদিত ধান, পাট, তামাক, সরিষাসহ অন্যান্য শস্য ছোট ছোট ট্রলি, টেম্পো কিংবা রিকশা-ভ্যানে করে হাটবাজারে নিতে হয়। এখন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। 

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সেতুটির পূর্ব প্রান্তে এলজিইডির টাঙানো ‘সাবধান! ঝুঁকিপূর্ণ ব্রিজ’ লেখাসংবলিত সাইনবোর্ড। সেতুটির স্তম্ভসহ বিভিন্ন অংশ ক্ষয় হয়ে ভেতরের রড বেরিয়ে গেছে। এরপরও সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে।টেম্পো উঠলেই সেতুটি কেঁপে ওঠে।

দীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদ বলেন, সদরের নতুন বসতি, দীঘি, ছুটি ভাটবাউরসহ অন্তত ১৫টি গ্রামের মানুষ এই সেতু দিয়ে জেলা শহরে যাতায়াত করে থাকেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বিপাকে পড়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটির পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের বিষয়টি ইউনিয়নবাসীর দাবি। এ নিয়ে উপজেলায় একাধিক মাসিক উন্নয়ন সভায় আলোচনা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষে নতুন সেতু নির্মাণ করা সম্ভব নয়।

এ ব্যাপারে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মফিজ উদ্দিন বলেন, ‘অর্থ বরাদ্দ পেলেই নতুন সেতুর নির্মাণকাজ শুরু করা যাবে।’