ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের ‘ডিসি অফিস-উপজেলা পরিষদ সড়কের’ অফিসার পাড়ায় একটি সেতু প্রায় পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এই সেতু দিয়ে যানবাহন যাতায়াতের সময় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মধ্যে রশি টানাটানির কারণে এখানে নতুন সেতু নির্মাণ হচ্ছে না। এলাকাবাসী জানায়, সেতুটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হওয়ায় সেতুর দুই প্রান্তে বাঁশের বেড়া দিয়ে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই বেড়া ভেঙে যানবাহন এই সেতু দিয়ে চলাচল করছে। গত ১১ জানুয়ারি রাতে সেতু থেকে নামার সময় উল্টে যায় একটি ব্যাটারিচালিত রিকশা। এতে পা ভেঙে গেছে শহরের এ রব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়া বেগমের। তিনি জানান, ‘সেতুটি ঝুঁকিপূর্ণ, যানবাহন চলাচল নিষেধ’—লেখা সাইনবোর্ড টাঙিয়ে এবং সেতুতে ওঠার রাস্তায় কাঠ-খুঁটি দিয়ে বেড়া দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় এই বেড়ার ফাঁক দিয়েই যানবাহন চলাচল করছে। ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একইভাবে একটি রিকশা উল্টে এক শিশু আহত হয়। গতকাল শনিবার জানা যায়, এর পরও এই সেতুতে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। অফিসার পাড়ার বাসিন্দা রাজীব হাসান বলেন, পাঁচ বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। সেতুর নিচের লোহা ক্ষয়ে অনেক স্থানে ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলজিইডি ভোলার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘সেতুটি অনেক পুরোনো এবং ব্যবহারের অযোগ্য। এ জন্য আমরা সেতুটি ঝুঁকিপূর্ণ লিখে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। তার পরও প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি ব্যবহার করছে।’আবদুস সালাম আরও বলেন, ‘আমরা বরিশাল বিভাগীয় উন্নয়ন প্রকল্পে সেতুটির প্রাক্কলন, নকশা পাঠিয়েছি। কিন্তু তহবিলে টাকা না থাকায় সেতুটি নির্মাণ হচ্ছে না।’ ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, ‘সেতুটি আমাদের। আমরা এখানে নতুন সেতু নির্মাণ করতে পারি, আমাদের তহবিলে টাকা আছে। কিন্তু এলজিইডি আমাদের সেতুটি নির্মাণ করতে দিচ্ছে না। ফলে জনগণ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।’