ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যান চলাচল, দুর্ঘটনার শঙ্কা
নিষিদ্ধ হওয়ার পরও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দমদমা সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উভয় পাশে ‘সাবধান, বিপদজনক সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ’ লেখে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এর পরও এ সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। অবস্থা এতই শোচনীয় যে মালবাহী ট্রাক উঠলেই এটি দুলতে থাকে। ইতিমধ্যে সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং এর কিছু অংশে ফাটল ধরেছে। সেতুটি ভেঙে গেলে তিনটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়বে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, পাঁচবিবি-মঙ্গলবাড়ী, পাঁচবিবি-কড়িয়া ও পাঁচবিবি-ধরঞ্জী আন্তউপজেলা সড়কের ছোট যমুনা নদীর ওপর স্বাধীনতার আগে জয়পুরহাট চিনিকলের অর্থায়নে দমদমা সেতু নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা ডিনামাইট দিয়ে এটি ধ্বংস করে। ১৯৭৩ সালে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ সেতুটি পুনর্নির্মাণ করে।এলজিইডির পাঁচবিবি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০০৪ সালে এলজিইডি এটিকে ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে চিহ্নিত করে। নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি সীমান্ত ফাঁড়ির যানবাহন এবং তিনটি ইউনিয়নের লক্ষাধিক জনগণ বিভিন্ন যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে যাতায়াত করে। স্থানীয় মনোরঞ্জন দাস জানান, সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।এলজিইডির জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ওই কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাকসুদুল আলম সেতুর দুরবস্থার সত্যতা নিশ্চিত করে বলেন, সেতুর ছবিসহ যাবতীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।