ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ১০ গ্রামের মানুষের চলাচল
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার-চৌগাছা সড়কের ঘোপ গ্রামে বুড়ি-ভৈরব নদীর ওপর নির্মিত সেতুটি দুই বছর ধরে ভাঙা। অনেকে ঝুঁকিপূর্ণ এ সেতু পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।সরেজমিন দেখা গেছে, সেতুটির দুই পাশে রেলিং নেই। দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় সেতুর ওপর যানবাহন ওঠা-নামা করতে বেগ পেতে হয়। প্রায়ই এই ভাঙা সেতু দিয়ে যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে।ঘোপ গ্রামের বাসিন্দা আবু সাঈদ জানান, এ সড়কের দুই পাশে বারোবাজার, সাদিকপুর, ঘোপ, গৌরীনাথপুর, কাষ্টভাঙ্গ, আড়পাড়া, দক্ষিণ সাগরসহ প্রায় ১০টি গ্রাম রয়েছে। এসব গ্রামে সব মিলিয়ে প্রায় অর্ধলাখ লোকের বসবাস, যাদের কালীগঞ্জ ও চৌগাছা উপজেলা শহরে যেতে এ সেতুটি ব্যবহার করতে হয়। সড়কটি দিয়ে ভ্যান, রিকশা, বাস, ট্রাকসহ সব ধরনের যান চলাচল করে। সেতুর ওপর কোনো যানবাহন ওঠার সময় ঝুঁকি এড়াতে যাত্রীরা নেমে পড়েন।মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম জানান, তাঁরা অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছেন। বর্ষাকালে সংযোগ সড়কের মাটি ধুয়ে যাওয়ায় যানবাহন সেতুর ওপর উঠতে পারে না। তখন তাঁদের ১৫ কিলোমিটার ঘুরে হাকিমপুর হয়ে চৌগাছায় যেতে হয়। তিনি জানান, এখানে একটি নতুন সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।এলজিইডি, কালীগঞ্জের উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে সেখানে একটি সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। তিনি আশা করছেন, দ্রুত ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।