ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল-নওমালা-লোহালিয়া সড়কের বিডিসি খালের ওপর নির্মিত সেতুর মাঝখানের ঢালাই খসে রড বেরিয়ে গেছে। গত শনিবার বিকেলে ছবিটি তোলা হয়েছে l প্রথম আলো
পটুয়াখালীর বাউফল-নওমালা-লোহালিয়া সড়কের বিডিসি খালের ওপর নির্মিত সেতুর মাঝখানের ঢালাই খসে রড বেরিয়ে গেছে। গত শনিবার বিকেলে ছবিটি তোলা হয়েছে l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল-নওমালা-লোহালিয়া সড়কের বিডিসি খালের ওপর নির্মিত বিডিসি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন তিনটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করে। চলে তিন শতাধিক যানবাহন। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯-৮০ অর্থবছরে ওই সেতুটি নির্মাণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিডিসি খালের ওপর বিডিসি সেতুর মাঝখানের দুই অংশে ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে। সেই রডের ওপর কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে। আর এর ওপর দিয়েই যানবাহন চলাচল করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিডিসি সেতু দিয়ে বিডিসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ যৌতা বালিকা দাখিল মাদ্রাসার এক হাজারের বেশি শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করেন।

রাবেয়া বেগম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, ‘সেতুটির বেহাল দশা দেখার কেউ নেই। কিন্তু দুর্ঘটনায় কেউ মারা গেলে তখন সবাই ছুটে আসবে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে।’ সে আরও বলে, সান্ত্বনা দেওয়ার দরকার নেই। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন সেতুটি নির্মাণ করা হয়।

পিকআপ ভ্যানচালক আল-আমিন ও অটোচালক সাইফুল ইসলাম অভিন্নভাবে প্রথম আলোকে বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। তবু জীবনের তাগিদে ঝুঁকি নিয়েই এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ওই এলাকার মাদ্রাসাশিক্ষক মো. ইউসুফ সেন্টু বলেন, সেতু ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেই সেতুটি নির্মাণ করা প্রয়োজন।

নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার বলেন, সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুটি শিগগিরই পরিত্যক্ত ঘোষণা করে নতুন সেতু নির্মাণ করা দরকার।

 উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, বিডিসি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে উপজেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়ে সেতুটির সংস্কারকাজ শিগগিরই শুরু করা হবে। আর সেতুটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।