সেতুর মুখে সড়ক ও জনপথ বিভাগের সাইনবোর্ড, ‘ঝুঁকিপূর্ণ সেতু। ভারী যানবাহন চলাচল নিষেধ’। কিন্তু এসব কিছুই মানছেন না চালকেরা। প্রতিনিয়তই কাঠ ও মালবোঝাই ট্রাক চলাচল করছে। এই হাল ফটিকছড়ির রামগড়-করেরহাট সড়কের বাগান বাজার উচ্চবিদ্যালয় এলাকার সেতুটির। সড়ক ও জনপথ বিভাগ বলছে, শিগগিরই পুরোনো সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সড়কের সোনায়ছড়ি খালের ওপর ১২০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের সেতুটি নির্মিত হয় ১৯৬২ সালে। এরপর বড় কোনো সংস্কারকাজ হয়নি। বিভিন্ন সময় ছোটখাটো সংস্কার করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে গোড়া থেকে মাটি সরে গেছে। সেখানে লোহার পাটাতন দিয়ে সেতুর সঙ্গে সড়কের সংযোগ রক্ষা করা হয়েছে। এ ছাড়া দেবে গেছে সেতুর পশ্চিম অংশ। বড় গাড়ি উঠলে সেতু কাঁপতে থাকে। বড় গাড়ি পার হওয়ার সময় আটকে থাকে বিপরীত দিক থেকে আসা গাড়ি। অবশ্য ঘেঁষাঘেঁষি করে ছোট গাড়ি দুই পাশে সমান তালে চলছে।
স্থানীয় লোকজন জানান, ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কেউ মানেন না। এটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তা ছাড়া সরু সেতুটি পার হওয়ার সময় ছোট গাড়িও প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।
ভূজপুর থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন বলেন, গত ২৮ ফেব্রুয়ারি একটি যাত্রীবাহী জিপ আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে পার্শ্ববতী খাদে পড়ে যায়। এতে ৫ যাত্রী আহত হন। এ ছাড়া ১৩ মার্চ একটি মিনিবাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মিনিবাসের সাত যাত্রী আহত হন। তাঁদের রামগড় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
থানা সূত্র জানায়, সড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার অন্তত পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। এ ছাড়া ঢাকার সঙ্গে উত্তর চট্টগ্রামবাসীর বিকল্প সড়ক হিসেবেও এটির গুরুত্ব রয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, প্রায়ই ওই সরু সেতু দিয়ে যাতায়াতের সময় গাড়ি পাশ কাটাতে গিয়ে পিকআপ, জিপ, অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া একাধিক গাড়ি চলাচলের সময় একদিকে যানজট লেগে থাকে। এতে লোকজন ভোগান্তিতে পড়েন।
বাগান বাজার এলাকার বাসিন্দা আবদুল হাকিম (৪২) বলেন, সেতুটি তুলনামূলক অনেক সরু হওয়ায় গত ছয় মাসে কমপক্ষে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রামগড়-করেরহাট সড়কের মিনিবাস চালক মো. শরীফ উদ্দিন (৩৪) বলেন, ‘সেতুতে গাড়ি উঠলে কাঁপতে থাকে। আল্লাহর নাম নিয়ে পার হই।’ ওই সড়কে চলাচলকারী হেয়াঁকো বাজারের ব্যবসায়ী মুহাম্মদ লোকমান ছিদ্দিকী (২৮) বলেন, সেতুটি দ্রুত সংস্কার করে সেখানে আরেকটি নতুন সেতু স্থাপন জরুরি হয়ে পড়েছে। এখন সেতু পার হওয়ার সময় যাত্রী-চালক উভয়েই আতঙ্কে থাকেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ফটিকছড়ির উপবিভাগীয় প্রকৌশলী মো. শামশুল আরেফিন বলেন, রামগড়-করেরহাট ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কের সব সেতু জাইকার অর্থায়নে নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার আগেই সংস্কারের প্রয়োজন হলে সেতুটির সংস্কার করা হবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ওই স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।