ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ডও বেদখল!
‘সামনে ক্ষতিগ্রস্ত সেতু। সাবধানে চলুন/ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ’ সড়ক ও জনপথ (সওজ) রাজশাহী থেকে বছর খানেক আগে এ সাইনবোর্ডটি গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী ও কদম শহরের মাঝখানের একটি ঝুঁকিপূর্ণ সেতুর পাশে লাগানো হয়েছিল। কিছুদিন পর সাইনবোর্ডের লেখা মুছে স্থানীয় একটি ইটভাটার মালিক তাঁর ইটভাটার দিকে তিরচিহ্ন এঁকে তাতে লিখেছেন, ‘ওয়েলকাম টু নূর ব্রিকস’।গত রোববার সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুটির সাইনবোর্ডের জায়গায় ইটভাটার সাইনবোর্ড টাঙানো রয়েছে। সেতুর পাশে বালুর বস্তা দিয়ে কোনোভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া এই সেতুর দক্ষিণ পাশে একটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। সাবধানতা অবলম্বন করার জন্য এলজিইডির পক্ষ থেকে একটি বড় লোহার খুঁটির ওপরে সতর্কতামূলক যে সাইবোর্ডটি টাঙানো হয়েছিল, তাতে এখন লেখা আছে ওই ইটভাটার বিজ্ঞাপন।কদম শহর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর রহমান জানান, সেতুর সাইনবোর্ডের লেখা মুছে ইটভাটার বিজ্ঞাপন লেখার ব্যাপারটা প্রশাসনের কারও নজরে পড়ছে না, এটা বিস্ময়কর ব্যাপার! ইটভাটায় গিয়ে দেখা যায়, ভাটার ঢিলেঢালা কার্যক্রম চলছে। এ সময় ভাটার মালিক শহীদুল ইসলাম ভাটার পাশে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তাই তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ভাটার ব্যবস্থাপক রাকিব বলেন, ‘সেতুর সাইনবোর্ড ওখানে ছিল। এখন মালিক পাল্টিয়েছেন না অন্য কেউ করেছে, তা আমি জানি না।’সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবোধ কুমার বলেন, ‘মানুষ সরকারি জায়গা পেলে কীভাবে যে দখল করে! আমরা এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি।’