ঝুঁকিপূর্ণ স্মৃতিসৌধে অবাধ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম মাঠে একাত্তরের স্মৃতিসৌধে ফাটল থাকায় ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সেখানে ১৪ ও ১৬ ডিসেম্বরের সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে স্মৃতিসৌধের সামনে সতর্কতামূলক সাইনবোর্ড ও লোকজনের চলাফেরা বন্ধ রাখতে কোনো প্রচারণা চালানো হয়নি।
বিষয়টি না জেনে দর্শনার্থীরা প্রতিদিনই সেখানে ভিড় করছে। এ অবস্থায় সেখানে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে ১৯৯১ সালে তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ৭১ ফুট দীর্ঘ স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। মেসার্স মোল্লা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণকাজ করে।
সৌধটি নির্মাণের পর থেকেই শহীদ বুদ্ধিজীবী দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এখানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এবারও বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে পৌরসভার উদ্যোগে গত ১ ডিসেম্বর স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলে। এ সময় সৌধটিতে ফাটলের বিষয়টি নজরে আসে।
পরে পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা বিষয়টি জয়পুরহাট জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল গোফ্ফারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটি সরেজমিনে তদন্ত করে সৌধটিকে ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত করে। এখানে একাধিক ফাটল রয়েছে বলে তারা জানায়। পরে জেলা প্রশাসন থেকে ১৪ ও ১৬ ডিসেম্বরের সব কর্মসূচি অন্যত্র সরিয়ে নেয়। তবে সৌধে ফাটল থাকলেও সেখানে দর্শনার্থীদের জন্য সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শনিবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, লোকজন সৌধের পাশে বসে আড্ডা দিচ্ছে। জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীকেও তখন সেখানে বসে আড্ডা দিতে দেখা যায়। তাঁরা সৌধের ফাটল বা সেটি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা জানেন না বলে এ প্রতিবেদককে জানান।
আবদুল গোফ্ফার জানান, জেলা প্রশাসকের নির্দেশে তাঁরা স্মৃতিসৌধটি পরিদর্শন করেছেন। সেটি ঝুঁকিপূর্ণ বলেও প্রতিবেদন দিয়েছে। স্মৃতিসৌধের আশপাশে লোকজনের চলাচল ও অবস্থানও ঝুঁকিপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন বলেন, স্মৃতিসৌধ ঝুঁকিপূর্ণ হওয়ায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের সরকারি কর্মসূচি প্রত্যাহার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্মৃতিসৌধের আশপাশে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জেলা পরিষদকে চিঠি দিয়েছেন বলে জানান।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, জেলা তথ্য কার্যালয় থেকে গতকাল বিকেলে মাইকিং করা হয়েছে। সেখানে কোনো অনুষ্ঠান আয়োজন ও দর্শনার্থীদের চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।