ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দ্বিতীয় চেঙ্গী সেতু
রক্ষণাবেক্ষণের অভাবে খাগড়াছড়ির দ্বিতীয় চেঙ্গী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেতুটি নির্মাণ করলেও রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য কোনো বরাদ্দ নেই।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চার কোটি টাকা ব্যয়ে চেঙ্গী নদীর ওপর ফুটওভারব্রিজ নির্মাণ করে। কাজ শেষ হওয়ার পর দীর্ঘ দিন ধরে এর ওপর দিয়ে বালু-ইটভর্তি ট্রাক্টর চলাচল করত। পরে সড়কের মাঝখানে গাছের খুঁটি বসিয়ে দিয়ে ভারী ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করা হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুটির ২০ মিটার দূরে উজানে নদীর তীরে ভাঙন শুরু হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দু-তিন বছরের মধ্যে ভাঙন মূল সেতুতে আঘাত হানবে। এ ছাড়া সেতুর ওপর থেকে কংক্রিটের আস্তরণ উঠে গিয়ে মূল সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুর সংযোগ সড়কের পূর্ব পাশের রাস্তা এখনো ইট বসানো অবস্থায় রয়েছে। ভারী যান চলাচল করায় ও সড়কের কিছু অংশে ইট উঠে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা চলাচলেও বিঘ্ন ঘটছে। আর সেতুর পশ্চিম পাশে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর পাশে গঞ্জপাড়া এলাকার বাসিন্দা সরোজ কুমার পাল জানান, গঞ্জপাড়া এলাকায় প্রতিবছর নদীভাঙন দেখা দেয়। আবেদন-নিবেদন করেও নদীভাঙন রোধে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আগে থেকে নদীভাঙন রোধ করা না গেলে আগামী দু-তিন বছর পর দ্বিতীয় চেঙ্গী সেতুটিও ভাঙনের কবলে পড়বে।এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রকৃতি বিজয় চাকমা জানান, যদিও সেতুটি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে, তবে এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। গত বছর এ সেতু সংস্কারে প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। তিনি স্বীকার করেন, সেতুর ওপর কংক্রিটের আস্তরণ উঠে গিয়ে মূল সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুর উজানে নদীর তীরের ভাঙন প্রসঙ্গে তিনি জানান, নদীভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড দেখে। এ ব্যাপারে তাঁদের কোনো কিছু করার নেই।