ঢাকা-আরিচা মহাসড়কের ঝুঁকিপূর্ণ ১১টি বাঁক প্রশস্তকরণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আপাতত প্রশস্তকরণ অংশে কার্পেটিং না করার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি হলে প্রশস্ত করা অংশগুলোতে ভাঙন ও গর্ত সৃষ্টি হতে পারে এবং যানজট দেখা দিতে পারে। মানিকগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়কের বিপজ্জনক বাঁকগুলো প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে গত জানুয়ারিতে এ মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী পর্যন্ত বিপজ্জনক ১১টি বাঁক চিহ্নিত করা হয়। সূত্র জানায়, পরে দরপত্র আহ্বান ছাড়াই বাঁকগুলো প্রশস্তকরণ ও সড়ক বিভাজক নির্মাণের কাজের জন্য কয়েকজন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। প্রশস্তকরণকাজের জন্য প্রায় ১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়। গত ২৩ জুন পঞ্চমবারের মতো যোগাযোগমন্ত্রী বাঁকগুলোর প্রশস্তকরণের কাজ পরিদর্শনে আসেন। সে সময় মন্ত্রী জুলাই মাসের মধ্যে কাজ শেষ করার জন্য সওজকে নির্দেশ দেন। কিন্তু অধিকাংশ বাঁকের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গতকাল শনিবার সরেজমিনে মহাসড়কের মানিকগঞ্জ অংশের মুলজান, বানিয়াজুরী, জোকা ও উথুলী এলাকায় দেখা গেছে, এর কোনোটির কাজ শেষ হয়নি। বালু ও ইটের খোয়া ফেলা হচ্ছে। জোকায় রাস্তা প্রশস্তকরণ ও সড়ক বিভাজনের কাজ করছে মেসার্স রফিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, কাজ শুরুর চার মাস পর দরপত্র আহ্বান করা হয়। এ জন্য অর্ধেক কাজ শেষ হওয়ার পরও ঠিকাদারদের বিল আটকে যায়। বরাদ্দ না পাওয়ায় কাজের গতি কিছুটা কমে যায়। মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে বৃষ্টির পানির কারণে কয়েকটি বাঁকে গর্তের সৃষ্টি হয়। পরে সেসব স্থান সংস্কার করা হয়। কার্পেটিং করা না হলে আবারও বৃষ্টির পানিতে বাঁকগুলোর প্রশস্তকরণ অংশে গর্তের সৃষ্টি বা ভাঙন দেখা দেবে। এতে এই মহাসড়কে যানজট আরও বেড়ে যেতে পারে। মানিকগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, ঝুঁকিপূর্ণ ১১টি বাঁক প্রশস্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্ষা মৌসুমে কার্পেটিংয়ের কাজ মজবুত হয় না। এ জন্য আপাতত বাঁকগুলোর প্রশস্তকরণ অংশে কার্পেটিংয়ের কাজ হচ্ছে না। তবে ঈদে ঘরমুখো মানুষ যানজট এড়িয়ে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।