দুর্ঘটনা কমাতে ঢাকা-রংপুর মহাসড়কে ১১টি ঝুঁকিপূর্ণ স্থান (ব্ল্যাক স্পট) চিহ্নিত করে সেখানে উন্নয়নকাজ শুরু করা হয়েছে। রংপুর সড়ক বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ চলছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত এই এক বছরে রংপুরের তারাগঞ্জ থেকে পীরগঞ্জ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৮ জন।
রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা বলেন, দুর্ঘটনা কমানোর লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুরের চারটি উপজেলার ওপর দিয়ে যাওয়া ঢাকা-রংপুর মহাসড়কের ১১টি স্থান চিহ্নিত করা হয়। স্থানগুলো হলো, রংপুর নগরের মেডিকেল মোড়, মডার্ন মোড়, দমদমা, মিঠাপুকুরের গড়ের মাঠ, শঠিবাড়ী, পীরগঞ্জের বড় দরগা, লালদীঘি ও পীরগঞ্জ, তারাগঞ্জের ইকরচালি, তারাগঞ্জ ও চিকলী বাজার।
সওজ সূত্র আরও বলেছে, গত ৭ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুর নগরের মেডিকেল মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নের কাজ হবে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড ও চিকলী—এই দুই স্থানের কাজের প্রায় ৫০ শতাংশ শেষ। নগরের মডার্ন মোড় এলাকা ও মিঠাপুকুরের গড়ের মাঠ এবং পীরগঞ্জের বরদরগাসহ অন্যান্য স্থানেও কাজ চলছে। এসব স্থানে গড়ে ৪০ ভাগ কাজ হয়েছে। এদিকে নগরের মেডিকেল মোড়ের এ কাজের উদ্বোধন করা হলেও সেখানেই এখনো কাজ শুরু করা হয়নি।
রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, মেডিকেল মোড়ের স্থানটা গুরুত্বপূর্ণ। এখানে সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে আপত্তির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।