কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১১০টি ভবন ‘ঝুঁকিপূর্ণ’ তালিকা করে এগুলো ভাঙার জন্য চিঠি দিয়েছিল কর্তৃপক্ষ। এটি ২০১৩ সালের সেপ্টেম্বরের ঘটনা। সেই থেকে প্রায় তিন বছর কেটে গেলেও সেগুলোর একটিও ভাঙা হয়নি। এ অবস্থায় গত ২৬ জুলাই আবার চিঠি দিয়েছে করপোরেশন। ওই চিঠি দেওয়ার ১৫ দিনের মধ্যে ভবনগুলো ভাঙা না হলে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে এগুলো ভেঙে ফেলবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
>ভবনগুলো অপসারণের নির্দেশ দিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথম চিঠি দেওয়া হয়। কিন্তু তিন বছরেও সেগুলোর একটিও ভাঙা হয়নি। এ অবস্থায় গত ২৬ জুলাই ফের চিঠি দিয়েছে কর্তৃপক্ষ
কিন্তু এবারও এখন পর্যন্ত সাড়া নেই। চিঠি দেওয়ার পর ১৩ দিন কেটে গেলেও গতকাল রোববার পর্যন্ত একটি ভবনও অপসারণ করা হয়নি। সিটি করপোরেশন বলছে, বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
২৫ জুলাই নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে পূবালী ব্যাংক ভবনের কিছু অংশ ধসে পড়ে মামুন হোসেন (২৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হন। এ ঘটনার পর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়ার উদ্যোগ নেয়। পূবালী ব্যাংক ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে।
নগর ভবন সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ১১০টি ভবনের তালিকায় রয়েছে বাদুরতলার কুমিল্লা পৌর কর্মচারী কল্যাণ সমিতি ভবন, চৌধুরী মার্কেট, রাজগঞ্জ জাতীয় পার্টি অফিস ভবন, রামঘাট আওয়ামী লীগ অফিস, বিএমএ অফিস, অশোকতলা এনএসআই ভবন, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের বাসভবন ও উজির দিঘির পাড়ের পুরোনো দুদক ভবন।
এর মধ্যে রাজগঞ্জ এলাকার জাতীয় পার্টি অফিস ভবন ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষের দেওয়া চিঠিটি এ প্রতিবেদকের
হাতে এসেছে। কিন্তু ভবন মালিকেরা গতকাল পর্যন্ত সেই আদেশ মানেননি। ভবনটির নিচের তলায় খাদি কাপড়ের ব্যবসা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ কুমার দত্ত বলেন, সিটি করপোরেশন এ ভবনের প্রকৃত মালিককে চিঠি দেয়নি। জাতীয় পার্টি এখানে ভাড়ায় অফিস নিয়েছে। এ ভবনের মালিক আরেকজন।
গত শনিবার দুপুরে বাদুরতলার চৌধুরী মার্কেট ঘুরে দেখা যায়, ভবনটির তৃতীয় তলায় মসজিদ ও এতিমখানা। দ্বিতীয় তলায় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিত্সকদের চেম্বার এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়। আর নিচতলায় রয়েছে ছাপাখানাসহ বিভিন্ন ধরনের ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ভবনটির অন্যতম স্বত্বাধিকারী নাজমুল বারী চৌধুরী বলেন, ভাড়াটেদের আগামী সেপ্টেম্বরের মধ্যে সরে যেতে বলা হয়েছে। এরপর এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।
চৌধুরী মার্কেটের অন্তত তিনজন ব্যবসায়ী বলেন, তাঁরা শিগগির সরে যাবেন। বিভিন্ন জায়গায় দোকান দেখছেন।
জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, যেসব ভবনের মালিককে চিঠি দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী ভাঙার যাবতীয় ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে।
নতুন করে চিঠি দেওয়ার বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ২০১৫ সালের ৬ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় ১৯টি বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টিও ছিল। সিদ্ধান্ত হয়, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর গায়ে লাল রঙের কালি দিয়ে ‘এই ভবনটি ঝুঁকিপূর্ণ, এই ভবনে বসবাস করা নিরাপদ নয়’—কথা লিখে দেওয়ার জন্য। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জানামতে, এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়নি। বেঁধে দেওয়া ১৫ দিন পার হলে মেয়রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
মো. নুরুল্লাহ আরও বলেন, সিটি করপোরেশন চিঠি দিলে কিছু লোক ভবন না ভাঙার জন্য তত্পর হয়ে ওঠেন। ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ক্ষয়ক্ষতি হলে তাঁরা দায়ী থাকবেন।