ঝুঁকিপূর্ণ ১৪ ভবনে শিশুদের পাঠদান

২০০০ সালে স্কুলভবনটি নির্মাণ করা হয়। এক যুগ পার হতে না-হতেই ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে এবং বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে, ৫-৬ ইঞ্চি পরিমাণ মেঝে দেবে গেছে, দেয়ালে ফাটল ধরেছে, খাম্বার ইট-সুরকি খসে পড়ে রড বেরিয়ে গেছে।
এমন পরিস্থিতিতে ভবন ধসে পড়ার আশঙ্কায় ২০১৪ সালের শেষের দিকে কর্তৃপক্ষের নির্দেশে ওই ঝুঁকিপূর্ণ ভবনটিতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। পরে স্থানীয়ভাবে ও উপজেলা পরিষদের অর্থায়নে ওই ভবনের সামনে দুটি টিনশেড ঘর নির্মাণ করে সেখানে ক্লাস নেওয়া হচ্ছে। এ চিত্র দেখা গেছে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা আযাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ রকম নির্মাণের খুব অল্প সময়ের ব্যবধানে উপজেলার আরও ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব ভবনের মধ্যে কেবল একটি ভবন নির্মাণ করা হয়েছে ১৯৮০ সালে। বাকি ভবনগুলো নির্মাণ করা হয়েছে ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিকল্প কোনো ব্যবস্থা করতে না পারায় এসব ঝুঁকিপূর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিশুশিক্ষার্থীদের ক্লাস চলছে।
এসব ঝুঁকিপূর্ণ ভবনের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো অয়নাবাজ কালাইয়া, মৈশাদি, মধ্য ইন্দ্রকুল, দক্ষিণ রাজাপুর, সিংহেরাকাঠী, লক্ষ্মীপাশা, রাজনগর পূর্বাঞ্চল, উত্তর হোসনাবাদ, বালিয়া চাঁদপাল, মধ্য দাশপাড়া, জয়ঘোড়া, দক্ষিণ দ্বিপাশা এবং উত্তর-পূর্ব মদনপুরা। এর মধ্যে উত্তর হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয় ১৯৮০ সালে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাজনগর পূর্বাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে পড়ছে ও খাম্বার ইট-সুরকি খসে পড়ে রড বেরিয়ে গেছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ১৯৯৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। বর্তমানে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প কোনো ভবন কিংবা ঘর না থাকায় এক রকম বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ওই ভবনে ক্লাস নিতে হচ্ছে। এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২০।
মধ্য ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক বলেন, ২০০০-০১ অর্থবছরে ভবনটি নির্মাণ করা হয়। দেড় যুগ হতে না-হতেই ছাদ চুইয়ে পানি পড়ে, ছাদের বিমে ফাটল ধরেছে, খাম্বার ইট-সুরকি খসে পড়ে রড বেরিয়ে গেছে। এ বছর এক লাখ টাকা দিয়ে মেরামত করিয়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নিচ্ছেন। এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৯৯।
উপজেলার উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি আরও ভয়াবহ। ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয়ের একতলা ওই ভবন নির্মাণ করা হয়। ইতিমধ্যে ছাদ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বাঁশের খুঁটি ও কাঠের তক্তা দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে। কক্ষ-সংকটের কারণে ঝুঁকি নিয়ে সেখানে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। ছাদ ধসে পড়ার আশঙ্কার মধ্যেই চলছে শিক্ষার্থীদের ক্লাস। এ বিদ্যালয়ের ভবনটি নিয়ে প্রথম আলোতে গত সোমবার একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব ভবন এলজিইডি নির্মাণ করেছে।
মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. নূরুল হক মৃধা বলেন, কাঠের তৈরি ঘরও ২৫ বছরে বসবাসের অনুপযোগী কিংবা পরিত্যক্ত হয় না। সেখানে স্কুলের পাকা ভবন ২০-২২ বছরে পরিত্যক্ত হয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, ‘নির্মাণকাজে ত্রুটি নেই তা যেমন বলছি না, আর আছে তা-ও বলছি না। তবে ভবন নির্মাণের পর নিয়মিত (তিন-চার বছর পরপর) মেরামত করা হলে কোনো ভবন ২০-২২ বছরে পরিত্যক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আর খুব কম সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি ১৩টি বিদ্যালয়ের ভবনের বিষয়েও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।