ঝুঁকিপূর্ণ ৩ সেতু দিয়ে চলছে হাজার যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম জয়নগর এলাকার ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে চলছে ভারী যান। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো
পশ্চিম জয়নগর এলাকার ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে চলছে ভারী যান। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো

কেরানীগঞ্জের আঁটিবাজার-কলাতিয়া সড়কের তিনটি সেতুর সব কটিই ঝুঁকিপূর্ণ। ‘সামনে ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ’—সড়ক ও জনপথ অধিদপ্তর এই সতর্কবাণী দিলেও সেতুগুলো মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, আঁটিবাজার থেকে তারানগর ইউনিয়ন হয়ে সোজা চলে যাওয়া সড়কটি শাক্তা ইউনিয়নের খোলামোড়া সড়কের সঙ্গে মিশেছে। এর মধ্যে আঁটিবাজার থেকে কলাতিয়া বাজার যাওয়ার পথে তিনটি সেতু পার হতে হয়। প্রথম সেতুটি পশ্চিম জয়নগর এলাকায়, দ্বিতীয়টি আঁটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের পাশে ও তৃতীয়টি দ্বিতীয় ব্রিজ থেকে দেড়-দু শ ফুট দূরে, এটিও ভাওয়াল এলাকায় পড়েছে। তিনটি সেতুই ভাঙাচোরা। একাধিকবার সেতুতে ফাটল ধরায় ও ইট-বালু খসে পড়ার পর সিমেন্ট ও লোহার পাত দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। সেতু তিনটি এত সরু যে দুটি বড় গাড়ি পাশাপাশি চলতে পারে না। প্রতিটি সেতুরই রেলিং ভাঙা।

গতকাল বুধবার গিয়ে দেখা গেছে, ভারী যান চালানোর নিষেধাজ্ঞা মানছেন না কেউ। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই তিন সেতু দিয়ে অন্তত ১০০টি মালবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যান চলতে দেখা গেছে। নিষেধাজ্ঞা কেন মানা হচ্ছে না জানতে চাইলে এক ট্রাকচালক বলেন, বিকল্প কোনো সড়ক নেই। তাই ঝুঁকি নিয়েই তাঁরা চলাচল করছেন।

ভেঙে গেছে রেলিং। এই চিত্র আঁটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের পাশের সেতুর l প্রথম আলো
ভেঙে গেছে রেলিং। এই চিত্র আঁটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের পাশের সেতুর l প্রথম আলো

আঁটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের পাশের সেতুটির অবস্থা সবচেয়ে খারাপ। এই সেতুর মাঝখানে খানাখন্দ, অন্তত ১০ জায়গায় রেলিং ভাঙা। বাঁশ বেঁধে বিকল্প রেলিং বানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুর রব বলেন, সড়কটি যখন কাঁচা ছিল, তখন এই সেতুগুলো বানানো হয়। পরে সড়ক পাকা হলেও সেতুগুলোর আর সংস্কার করা হয়নি। তিনি বলেন, সাভার ও বছিলার দিকে যেতে এই এলাকার মানুষ সড়কটি ব্যবহার করে। সময়ের সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচলও বেড়েছে। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়কে।

রহমত আলী নামে স্থানীয় আরেকজন বলেন, এই সড়কে বাস ছাড়া অন্য সব যানবাহনই চলে। রাতে ট্রাকের দখলে থাকে পুরো সড়ক। ছোট যানবাহনগুলোতে তখন সেতুর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ একটু এদিক-সেদিক হলেই ভাঙা রেলিং গলে নিচের ডোবাতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ভাওয়াল এলাকার ঝুঁকিপূর্ণ সেতুর আগে সওজের সতর্কীকরণ সাইনবোর্ড l প্রথম আলো
ভাওয়াল এলাকার ঝুঁকিপূর্ণ সেতুর আগে সওজের সতর্কীকরণ সাইনবোর্ড l প্রথম আলো

এই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক হুমায়ুন কবির বলেন, আঁটিবাজার থেকে কলাতিয়া যাওয়ার পথে কোথাও কোনো খানাখন্দ নেই। পুরো সড়কই মসৃণ। শুধু এই তিন সেতুই সমস্যা। তিনি বলেন, তিনটি সেতুরই মূল অংশে ভাঙন ধরেছিল। পরে উঁচু লোহার পাত বসিয়ে ও সিমেন্ট দিয়ে সেগুলো ঠিক করা হয়েছে। লোহার পাতের জন্য অটোরিকশা চালাতে সমস্যা হয়। মালবোঝাই ট্রাক সেতুতে উঠলে সেতু কাঁপে, মনে হয় এই বুঝি ভেঙে যাবে।

জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদি ইকবাল বলেন, এই তিন সেতুর মাটি পরীক্ষা করা হয়েছে। এখন সেতুর নকশা করা হচ্ছে। নকশা তৈরি হলে সেতু নির্মাণে দরপত্র আহ্বানসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী বছর সেতুগুলোর নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।