কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোড থেকে চকরিয়া উপজেলার হারবাং পর্যন্ত কক্সবাজার অংশের প্রায় ৭৭ কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ৩৩টি। বন-জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা এ ৩৩টি বাঁকের কোনোটিতে ‘ডানে মোড়’, ‘বাঁয়ে মোড়’ অথবা ‘সামনে আঁকাবাঁকা রাস্তা’—এ জাতীয় দিকচিহ্নিত কোনো সাইনবোর্ড বা সতর্কীকরণ ফলক নেই। ফলে দ্রুতগতির যাত্রীবাহী বাস অথবা মালবাহী ট্রাক বাঁক অতিক্রমের সময় দুর্ঘটনার কবলে পড়ছে। মুখোমুখি সংঘর্ষে ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে। গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন সড়ক পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে। সড়কের ৭৭ কিলোমিটারের কোথাও দিকচিহ্ন ফলক চোখে পড়েনি। স্থানীয় লোকজন জানায়, গত বুধবার সকাল আটটার দিকে চকরিয়ার কচ্ছপিয়া এলাকায় একটি বাঁক অতিক্রম করার সময় যাত্রীবাহী মাইক্রো ও মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩১ জন আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ১ জুন সকাল আটটায় মহাসড়কের চকরিয়া উপজেলার রিংভং ছগির শাহকাটা মাজার গেট এলাকায় একটি বাঁক অতিক্রমের সময় যাত্রীবাহী মাইক্রো ও শ্যামলী পরিবহনের চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজনের করুণ মৃত্যু হয়েছিল। এর সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, গত বছরের ৭ সেপ্টেম্বর ভোররাতে মহাসড়কের একই স্থানে বাঁক অতিক্রম করার সময় গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যান প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়েমুর রহমানসহ দুজন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি সালের ৩০ জুন পর্যন্ত এ মহাসড়কের চকরিয়া, কক্সবাজার সদর ও রামু উপজেলার ৩০টির বেশি ঝুঁকিপূর্ণ বাঁকে শতাধিক দুর্ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০ জন। কক্সবাজার ট্রাফিক পুলিশের সার্জন কানু বিশ্বাস বলেন, শহরের লিংকরোড থেকে চকরিয়ার হারবাং পর্যন্ত এ মহাসড়কের প্রায় ৭৭ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ৩৩টি। এর মধ্যে ১৯টি বাঁক মারাত্মক ঝুঁকিপূর্ণ। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. খালেকুজ্জামান বলেন, মহাসড়কের হারবাং থেকে ডুলাহাজারা-মালুমঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে অন্তত ১৫টি। এসব বাঁকে সতর্কীকরণ কোনো সাইনবোর্ড নেই। সৌদিয়া পরিবহনের একটি চেয়ারকোচের চালক সিরাজুল ইসলাম (৪২) জানান, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় মহাসড়কের খরুলিয়া, বাংলাবাজার, রামু, পানিরছড়া, ঈদগাও, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, মালুমঘাট, চকরিয়া, বরইতরী, হারবাংসহ ৩৩টি স্থানে ঝুঁকিপূর্ণ টেক (বাঁক) রয়েছে। দূর থেকে এসব টেক খেয়াল করা যায় না। বিশেষ করে বৃষ্টির সময় এবং ঘন কুয়াশায় বাঁকগুলো অতিক্রম করা কঠিন হয়ে পড়ে। এ সময় বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশি ঘটে। কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, এ মহাসড়কের বাঁক বা টেকগুলোতে সতর্কীকরণ চিহ্ন বা সাইনবোর্ড না থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এ মহাসড়কে যত বাঁক রয়েছে, তার সব কটিতেই সতর্কীকরণ দিকচিহ্ন-সংবলিত সাইনবোর্ড লাগানো ছিল। কিন্তু চোরের দল এসব খুলে নিয়ে গেছে। এখন নতুন করে দিকচিহ্ন ফলক বা সাইনবোর্ড লাগানোর চেষ্টা চলছে।