ঝুঁকিপূর্ণ ৩৪ ভবন ভাঙার উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ৩৪টি ভবন ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি করপোরেশন। বারবার ভূমিকম্প হলেও ভবনগুলো ভাঙার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ঝুঁকি নিয়ে ওই সব ভবনে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করছেন নগরের বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, নগরের কাউনিয়া এলাকায় অনুমোদনহীনভাবে নির্মাণ করা হয়েছে সিরাজ মহল। সেখানে কমপক্ষে এক হাজার বাসিন্দা রয়েছে। তারা জানে না যে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কাটপট্টি সড়কে থাকা বেশ কয়েকটি ভবনে অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর সব কটিই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস। সরকারি ব্রজমোহন কলেজের সুরেন্দ্রনাথ ছাত্রাবাস।
সিরাজ মহলে দীর্ঘদিন ভাড়াটে হিসেবে ছিলেন মো. শামীম। তিনি জানান, এ ভবনটি যে সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, তা তিনি জানেন না। তবে কিছুদিন আগে ভবনের দোতলার ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় তিনি ওই ভবন ছেড়েছেন। জাহিদুল ইসলাম নামের এক ভাড়াটেও একই অভিযোগ করেন।
ভবনের মালিক মো. সিরাজউদ্দিন হাওলাদার বলেন, ‘আমার ভবন ঝুঁকিপূর্ণ নয়, হয়রানি করার জন্য তালিকায় নাম উঠিয়েছে সিটি করপোরেশন। আমার ভবন টানা ছাদের মজবুত ভবন দ্বিতীয়টি আছে কি না সন্দেহ।’
বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, সিটি করপোরেশনের নিয়ম না মেনে ভবন নির্মাণ করা এবং দীর্ঘদিনের পুরোনো ৩৪টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। জনবল ও যন্ত্রাংশ-সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তা ছাড়া কিছু ভবনমালিক রাজনৈতিক প্রভাব খাটিয়েও ভবন টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এ ছাড়া একাধিক মালিক ভবন না ভাঙার জন্য উচ্চ আদালতে রিট আবেদন করায় সমস্যা দেখা দিয়েছে। ওই সব ভবন ভেঙে না ফেললে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের তালিকায় থাকা ৩৪টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে কাউনিয়া প্রধান সড়কের সিরাজ মহল, কাউনিয়া জানুকি সিংহ রোডে মতি লস্করের বাড়ি, পূর্ব বগুড়া রোডের রবীন্দ্রনাথ সেনের ভবন, আগরপুর রোডের মনু মিয়ার বাড়ি, কাটপট্টি সড়কে সাধনা ঔষধালয় ভবন, সৈয়দ জুম্মন ব্রাদার্স, অমৃত ভবন, আহম্মদ ক্লথ স্টোর, চন্দ্রিকা ব্রাদার্স, মিল্লাত ফার্মেসি, সার্কুলার রোডের সৈয়দ মনসুর আহমেদের ভবন, ঈশ্বর বসু রোডের সৈয়দ মঞ্জিল, হাসপাতাল রোডের মান্নান মৃধার ভবন, কালুশাহ সড়কের জালাল আহমেদের ভবন, নবগ্রাম রোডের হাতেম আলী কলেজের ছাত্রাবাস ও বিজ্ঞান ভবন, মেডিকেল কলেজ লেনের শহীদ আলমগীর সড়কের ক্ষণিকা ভবন, ব্রজমোহন কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বগুড়া রোডের সালাম চেয়ারম্যানের পুরোনো ভবন, হাজি ইসরাইলের বিল্ডিং, নগর ভবনের পেছনের সাবেক হাজতখানা, সদর উপজেলা পরিষদের পুরোনো ভবন, সদর রোডের সৈয়দ ভবন, কাউনিয়া প্রধান সড়কের বেণী লাল গুহের বাড়ি, রূপাতলীর নলছিটি প্লাজা।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন আগেই নগরের ৩৪টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, ওই সব ভবনে ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে। করপোরেশনের জনবল ও যন্ত্রপাতি না থাকায় ভবন অপসারণে উদ্যোগ নেওয়া যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ ওই সব ভবনে বসবাস না করার জন্য আবারও নোটিশ দেওয়া হবে।’