
পিরোজপুর জেলার ৯টি সড়কের ৪৮টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে৷ জোড়াতালি দেওয়া ওই বেইলি সেতুগুলোতে প্রতিদিন মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েক হাজার যানবাহন চলাচল করছে। সেতু ভেঙে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা৷
সর্বশেষ ১১ আগস্ট রাতে ভান্ডারিয়া উপজেলার মাদারসী বেইলি সেতু দিয়ে পাথরবোঝাই দুটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকাসহ ১২টি পথে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম জানান, বেইলি সেতুগুলো আশির দশকের শেষ দিকে ও নব্বইয়ের দশকের বিভিন্ন সময়ে অস্থায়ী হিসেবে তৈরি করা হয়৷ বেশির ভাগ সেতু জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েকটি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় জোড়াতালি দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে৷
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পিরোজপুরে সওজ বিভাগের ৮টি সড়কে ৪১টি এবং এলজিইডির একটি সড়কে ৭টি বেইলি সেতু রয়েছে। বেশির ভাগ বেইলি সেতু ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সালের মধ্যে নির্মাণ করা। অধিক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো হলো সওজের বরিশাল-পিরোজপুর সড়কের চালনা সেতু, চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের হেতালিয়া সেতু, চৌহুরিয়া সেতু, দারুলহুদা সেতু, বোতলা সেতু, সাফা সেতু, তুষখালী সেতু, মাঝেরপুল সেতু ও বহেরাতলা সেতু, টগরা-বালিপাড়া-সন্ন্যাসী সড়কের ফকিরহাট সেতু, বালিপাড়া সেতু ও চণ্ডীপুর সেতু। ছারছিনা-স্বরূপকাঠি-কাউখালী-নৈকাঠী সড়কের কুনিয়ারি স্কুল সেতু, অলংকারকাঠি সেতু, কচুয়াকাঠি সেতু, বাশুরী সেতু, জয়কুল সেতু ও নৈকাঠী সেতু। কাউখালী-চিড়াপাড়া-ভিটাবাড়িয়া-ভান্ডারিয়া সড়কের চিড়াপাড়া সেতু, ভান্ডারিয়া-পৈকখালী-কাঠালিয়া সড়কের পূর্ব ভান্ডারিয়া সেতু, পূর্ব ভান্ডারিয়া ভেদুরিয়া খাল সেতু এবং এলজিইডির মঠবাড়িয়া-সাপলেজা-নলী খেয়াঘাট সড়কের থানাসংলগ্ন কাচারিবাড়ি সেতু, চরকগাছিয়া সেতু, বটতলা সেতু ও গুচ্ছগ্রাম-সংলগ্ন সেতু।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ছারছিনা-স্বরূপকাঠি-কাউখালী-নৈকাঠী সড়কের কুনিয়ারি স্কুল সেতুটি জরাজীর্ণ। জোড়াতালি দিয়ে সেতুটি যান চলাচলের উপযোগী করা হয়েছে। এ ছাড়া মঠবাড়িয়া-সাপলেজা-নলী খেয়াঘাট সড়কের চরকগাছিয়া সেতু, বটতলা সেতু ও গুচ্ছগ্রাম-সংলগ্ন সেতু তিনটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। সেতুর পাটাতনের প্লেট জরাজীর্ণ হয়ে ছিদ্র হয়ে গেছে। চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বহেরাতলা সেতুর ভেঙে যাওয়া পাটাতনের প্লেটগুলোতে জোড়াতালি দেওয়া রয়েছে৷ এ ছাড়া বেশির ভাগ সেতু ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো দিয়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করছে।
চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে কয়েকজন বাসচালক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জানান, চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বেশির ভাগ বেইলি সেতু জরাজীর্ণ। ২০১৬ সালের ১৫ জুন গুদিঘাটা সেতু দিয়ে পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতু ভেঙে ট্রাক খালে পড়ে যায়। এতে আসাদুল ইসলাম নামের ট্রাকের চালকের সহকারী নিহত হন। ২০১৫ সালের ৭ এপ্রিল উপজেলার বাঁশবুনিয়া এলাকায় লাল পোল বেইলি সেতু ভেঙে মালবোঝাই একটি ট্রাক খালে পড়ে যায়৷ এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মাহবুবুর রহমান (১৫) নামের এক মাদ্রাসাছাত্র আহত হয়৷ ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার গুদিঘাটা বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি ট্রাক আটকে যায়৷ মাঝেমধ্যে সড়কের জরাজীর্ণ সেতুর পাটাতন ভেঙে যানবাহন আটকা পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত শুক্রবার রাতে মাদারসী বেইলি সেতু ভেঙে যাওয়ায় সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকায় প্রতিদিন বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) মাছবাহী ট্রাক ২০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করছে।
মঠবাড়িয়া-সাপলেজা-নলী খেয়াঘাট সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আল আমিন বলেন, সড়কের বেইলি সেতুর পাটাতনের প্লেটে ছিদ্র হয়ে যাওয়ায় মোটরসাইকেলের চাকা ছিদ্রের মধ্যে আটকা পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
নেছারাবাদ উপজেলার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. ইমন বলেন, ছারছিনা-স্বরূপকাঠি-কাউখালী-নৈকাঠী সড়কের বেইলি সেতুগুলো কয়েক বছর ধরে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুগুলো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাস ও ট্রাক চলাচল করছে।
হানিফ পরিবহনের মঠবাড়িয়া কাউন্টারের ব্যবস্থাপক মো. মাছুম মিয়া বলেন, মাদারসী বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় ঢাকা থেকে মঠবাড়িয়া ও পাথরঘাটাগামী বাস মাদারসী পর্যন্ত আসে। এরপর পাথরঘাটার যাত্রীদের ৫০ কিলোমিটার ও মঠবাড়িয়ার যাত্রীদের ২০ কিলোমিটার অন্য যানবাহনে যেতে হচ্ছে। আবার মাদারসী গিয়ে ঢাকার বাস ধরতে হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় এবং বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী বদরুল আলম বলেন, বেইলি সেতুগুলোর স্থলে পর্যায়ক্রমে গার্ডার সেতু নির্মাণ করা হবে।
সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, আর্থিক সংকটের কারণে বেইলি সেতুগুলো মেরামত করা যাচ্ছে না৷ প্রতিবছর বেইলি সেতু মেরামতের জন্য যা বরাদ্দ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল৷ গত ৮ মার্চ বরিশালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, একটি প্রকল্পের মাধ্যমে বেইলি সেতুগুলো সরিয়ে সেখানে গার্ডার সেতু নির্মাণ করা হবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে।