ঝুঁকিপূর্ণ ৫০ হাজার সিলিন্ডার বাতিলের সিদ্ধান্ত বিপিসির
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলপিজি গ্যাসের পুরোনো পাঁচ লাখ সিলিন্ডারের মধ্যে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অযোগ্য ৫০ হাজার সিলিন্ডার বাতিল হচ্ছে। বগুড়ার ডিপোতে সিলিন্ডার বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিপিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ঢাকায় জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা।
বিপিসি পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে এলপিজি গ্যাস বিপণন করে। তাদের উত্তরাঞ্চলীয় ডিপোতে গত শনিবার ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরদিন রোববার বিস্ফোরক অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিদর্শক আসাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির বেশ কিছু সিলিন্ডার পরীক্ষা করেন। পরীক্ষায় ৭৫ থেকে ৮০ শতাংশই ঝুঁকিপূর্ণ ও বাতিলযোগ্য বলে মত দেন তিনি।
মীর আলী রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অধিক পুরোনো ও বেশি ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস না ভরানোর জন্য বিপিসির দুটি প্লান্ট সিলেটের কৈলাসটিলা ও চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে ৫০ হাজার ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিল করা হবে। বাকি সাড়ে চার লাখের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
মীর আলী রেজা আরও বলেন, সিলেটের কৈলাসটিলা প্লান্ট থেকে বছরে ৬ হাজার এবং চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি থেকে বছরে ১৪ হাজার টন গ্যাস সিলিন্ডারে ভরে বোতলজাত করে বিপিসি। এসব সিলিন্ডার অনেক পুরোনো। এগুলোর মধ্যে ১৯৭৭-৭৮ সালের সিলিন্ডারও রয়েছে। বিশেষ করে সিলিন্ডারের মুখের ভাল্ব ৩০ বছরের পুরোনো। এসব ভাল্ব দিয়ে গ্যাস বেরিয়ে যায়। আবার কৈলাসটিলা গ্যাস প্লান্টে রক্ষিত সিলিন্ডারে গ্যাস ভরানোর যন্ত্রগুলো অনেক পুরোনো। প্রতিটি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস ভরানোর কথা। যন্ত্রগুলো ত্রুটিপূর্ণ হওয়ায় প্রতিটি সিলিন্ডারে একই পরিমাণ গ্যাস ভরানোর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।