ঝুঁকিপূর্ণ ৭১টি ভবনে পাঠদান
নড়াইলে সরকারি ও বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের ৭১টি ঝুঁকিপূর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এর মধ্যে ২১টি অধিক ঝুঁকিপূর্ণ।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এসব ভবন সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষকে এগুলো দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, নড়াইলে ২৮৬টি সরকারি ও ১৭৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে সদর উপজেলায় ছয়টি, লোহাগড়ায় ১১টি এবং কালিয়ায় রয়েছে চারটি। সাধারণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের মধ্যে সদরে ২৯টি, লোহাগড়ায় ১৫টি এবং কালিয়ায় রয়েছে ছয়টি।সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বেশির ভাগেরই দরজা-জানালা নেই। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে রয়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। লোহাগড়া উপজেলার লাহুড়িয়া আজিজুর রহমান বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে মরিচা ধরা রড বেরিয়ে রয়েছে। ভবনের মেঝে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে। দরজা-জানালাও ভেঙে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম সিকদার বলেন, দেড় বছর আগে সংশ্লিষ্ট বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প জায়গা না থাকায় পাঠদান অব্যাহত রাখা হয়েছে। কিন্তু শ্রেণীকক্ষ জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সব সময় পড়ানো সম্ভব হয় না। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণপদ সরকার জানান, উপজেলার ঝুঁকিপূর্ণ ভবনগুলো সম্পর্কে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সদর উপজেলার মির্জাপুর মুন্সি সাইদুর রহমান বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়েছে। ঘরের দরজা-জানালা বলতে কিছু নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। এর মধ্যে চলছে পাঠদান।