ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি, দুটি কাভার্ড ভ্যান জব্দ
কক্সবাজারের চকরিয়ায় ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি করায় দুটি কাভার্ড ভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মহাসড়কের ওপর দাঁড় করিয়ে বালু তোলায় একটি ট্রাক জব্দ করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বেলা একটার দিকে চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট এলাকা থেকে গ্যাসের সিলিন্ডারভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ডুলাহাজারা কলেজের সামনে থেকে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। ওই ট্রাকটির চালককে আটক করা হয়েছে।
ইউএনও বলেন, ঝুঁকি নিয়ে অনুমোদন ছাড়াই গ্যাস পরিবহন ও বিক্রির অভিযোগে দুটি কাভার্ড ভ্যান এবং সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে বালু ভর্তি করার অপরাধে একটি ট্রাক জব্দ করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।