ঝুঁকিপূর্ণের অজুহাতে দরপত্র ছাড়াই গাছ কাটলেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছটি ঝুঁকিপূর্ণ—এই অজুহাত দেখিয়ে দরপত্র আহ্বান ছাড়াই লক্ষাধিক টাকা মূল্যের থানা সীমানাপ্রাচীরের ভেতরের একটি মেহগনিগাছ কাটলেন লালমনিরহাটের আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আদিতমারী থানা ভবন নির্মাণের সময় থানা সীমানাপ্রাচীরের ভেতরে বিভিন্ন প্রজাতির বেশ কিছু ফলদ ও বনজ গাছ লাগানো হয়। দৃষ্টিনন্দন এ গাছগুলো শুধু প্রাকৃতিক ভারসাম্যই রক্ষা করেনি, বরং থানার সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। সেখান থেকে লক্ষাধিক টাকা মূল্যের একটি মেহগনিগাছ গত মঙ্গল ও বুধবার—দুদিনে কেটে ফেলেন থানার ওসি আখতার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে মূল্যবান এ মেহগনিগাছটি কেটে ফেলা হয়। এ জন্য জনপ্রতি ৬০০ টাকা মজুরিতে ১৪ জন শ্রমিক দুদিন ধরে পরিশ্রম করেছেন। গত বুধবার বিকেলে গাছটি কেটে মাটিতে ফেলতে সক্ষম হয় কাঠুরের দল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, দরপত্রের মাধ্যমে মেহগনিগাছটি কাটা হয়েছে। তবে দরপত্রে কে গাছ কাটার অনুমতি পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাইলে আপনিও (আমি) এই কাজে (টেন্ডারে) অংশগ্রহণ করতে পারেন।’
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ওসি আখতার হোসেন তাঁকে জানিয়েছেন, গাছটি ঝুঁকিপূর্ণ ছিল। যেকোনো সময় পড়ে জান ও মালের ক্ষতি হতে পারত, এ কারণে গাছটি কাটা হয়েছে।