প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ঝুঁকিপ্রবণ দেশগুলোকে সাহায্য এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা লাঘবে অধিকমাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল সোমবার স্থানীয় এক হোটেলে কমিউনিটি বেজড অ্যাডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সপ্তাহব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, একই মন্ত্রণালয়ের সচিব মেছবাউল আলম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সিনিয়র ক্লাইমেট ফেলো সেলিমুল হক বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমষ্টিগতভাবে, কিন্তু ভিন্নতর দায়িত্ববোধ ও সক্ষমতা দিয়ে মোকাবিলা করা প্রয়োজন। কারণ, ধনী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস নির্গমন করছে। তাদের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রাকৃতিক পরিবেশের অস্তিত্ব আজ সংকটের মুখোমুখি। শিল্প-বিপ্লবের সূচনালগ্ন থেকে মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড আমাদের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে। তাই টেকসই পরিবেশ ও উন্নয়নের জন্য ব্যক্তিগত, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে আমাদের এখনই সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘জলবায়ুর এই পরিবর্তন রোধ করা না গেলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।’জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ দেশের জনগণকে একদিকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, ‘এটা শুধু তাদের জন্য কঠিনই নয়, এটা তাদের প্রতি এক ধরনের অবিচার।’ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেওয়া ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলারের জাতীয় জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘তবে এ সমস্যা এতটাই প্রকট যে, বাংলাদেশের একার পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এটি মোকাবিলা করা সম্ভব নয়। বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগী জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার এই তহবিলে এ পর্যন্ত ১০ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে। এই সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে এ সাহায্য প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। কারণ এ সমস্যা মোকাবিলায় আমাদের কয়েক শ কোটি ডলারের প্রয়োজন।’ দেশ-বিদেশের পরিবেশবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।