ঝুঁকিভাতার দাবি, বরগুনা কারাগারে প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিভাতা চালুর দাবিতে কারারক্ষীদের ভেতরে প্রচারপত্র ছড়ানো হচ্ছে। এক সপ্তাহ আগে বরগুনা জেলা কারাগারের কর্মকর্তারা এ ধরনের বেশ কিছু প্রচারপত্র জব্দ করেন।

জানতে চাইলে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারাগার থেকে এ ধরনের বেশ কিছু প্রচারপত্র ও চিঠি আমাদের কারাগারে এসেছে। সেগুলোর কিছু আমরা জব্দ করেছি।’ তিনি বলেন, এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার জন্য কারারক্ষীদের সচেতন করার কাজ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কারা সূত্র জানায়, ‘সাধারণ কারারক্ষীদের দাবি’ শিরোনামে একটি প্রচারপত্র ১৫ সেপ্টেম্বর ডাকযোগে বরগুনা কারাগারে আসে। এরপর কর্তৃপক্ষ এগুলো জব্দ করে। ওই প্রচারপত্রে বলা হয়েছে, ‘পুলিশ সদস্যদের পাশাপাশি কারারক্ষীরা দীর্ঘদিন ধরে ঝুঁকিভাতা দাবি করে এলেও সরকার সেই দাবি উপেক্ষা করে কেবল পুলিশ সদস্যদের ঝুঁকিভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ সদস্যদের মতো একই যোগ্যতার ভিত্তিতে কারারক্ষীদের নিয়োগ করা হলেও কারারক্ষীদের প্রতি এ বৈষম্যপূর্ণ আচরণ কেন?’ দাবি মানার জন্য ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, এর মধ্যে কারারক্ষীদের ঝুঁকিভাতা প্রদানের দাবি মেনে না নিলে কারারক্ষীরা নিজেদের অধিকার আদায়ে সরকারকে বাধ্য করবেন। এতে সাত দফা দাবির কথা বলা হয়। এগুলো হলো বেতন-রেশন বর্জন, ডাইনিংয়ে তালা দেওয়া, কারারক্ষীদের মেসে তালা দেওয়া, দৈনিক হাজিরায় এসব দাবির কথা প্রচার করা ইত্যাদি।

বরগুনা কারাগারের একজন কারারক্ষী জানান, এ দাবির সপক্ষে সারা দেশের কারাগারগুলোতে আগামী ১ অক্টোবর বেতন-রেশন নেওয়া থেকে বিরত থাকার কর্মসূচি পালন করা হতে পারে।

কারা বিধির ১৭১ ধারা অনুযায়ী, ‘কারাগারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একত্রীকরণ করা যাবে না। এরূপ চেষ্টা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।’

বরগুনা কারাগারের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিভাতার প্রস্তাবনাটি এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, সেটি অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায় আছে। সরকার বিষয়টির প্রতি খুবই আন্তরিক আছে। এটা আমরা রক্ষীদের বোঝানোর চেষ্টা করছি।’