ঝুঁকির কথা কানেই নিচ্ছেন না পাহাড়ের পাদদেশের বাসিন্দারা
‘ভাইসব, বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। আপনারা যাঁরা পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাঁরা সরে যান। অন্তত দুর্যোগের এই কয়দিন এখান থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকেন।’ গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ রকমই মাইকিং করা হচ্ছিল। কিন্তু তাতে কেউ কর্ণপাত করছিলেন না।
বর্ষা এলেই প্রতিবছর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মাইকিং, সেবা-সংযোগ বিচ্ছিন্ন করণসহ কিছু অস্থায়ী উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রশাসনের সঙ্গে তাঁরা ইঁদুর–বিড়াল খেলায় মেতে ওঠেন। দিনে বের করে দিলে রাতে গিয়ে আবার ওই সব বসতিতে আশ্রয় নেন তাঁরা।
মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর চট্টগ্রাম নগরেও গতকাল দুপুর থেকে মাইকিং করা হয়। নগরের মতিঝর্ণাসহ আকবর শাহ ও রৌফাবাদ এলাকার পাহাড়ের বিভিন্ন স্থানে এই মাইকিং করা হয়। কিছু কিছু স্থানে পরিবারকে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ বসতি থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করে প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, ‘বিভিন্ন স্থানে লোকজনকে সতর্ক করছি। পাহাড় থেকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকার কিছু পরিবারকে বের করা হয়েছে। মানুষ সচেতন নয়। মৃত্যুর ভয় আছে জেনেও তারা পাহাড়ে বাস করে।’
গতকাল মঙ্গলবার নগরের মতিঝরনা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান ও রৌফাবাদ এলাকার মিয়ার পাহাড় এলাকায় হাবিবুল হাসান সকাল থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান চালান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় এ সময় তাঁরা মাইকিং করে লোকজনকে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সরে যেতে বলেন।
মতিঝর্ণা এলাকায় অভিযানের সময় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা উপস্থিত হন। তিনি সরেজমিনে রেলওয়ের পাহাড় খাড়াভাবে কেটে বসতি গড়ে তোলার চিত্র দেখেন। তিনি বলেন, উচ্ছেদ অভিযান ব্যাপকভাবে চালানো দরকার। লোকজনকে একদিক থেকে তুলে দিলে অন্যদিকে এসে আবার ঘরে ঢোকে।
মতিঝর্ণা এলাকার স্থানীয় বাসিন্দা আকবর হোসেন বলেন, বৃষ্টি হলেই সবাই এখানে এসে লোকজনকে উঠে যেতে বলে। এটা কেন বলে জানি না। এখানে ঝুঁকির কিছু নেই। গরিব লোকজন এখানে থাকে। বাড়ি ভাড়া কম বলে লোকজন বেশি।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসে চট্টগ্রামে ১২৭ জনের মৃত্যুর পর একাধিক কমিটি গঠন করা হয়েছিল। ওই সব কমিটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করতে নানা স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ করেছিল। কিন্তু পাহাড়ধস ঠেকাতে প্রতিবছর সেবা-সংযোগ বিচ্ছিন্ন করণসহ কিছু অস্থায়ী উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান উপেক্ষিত থেকে যায়। এবারও বর্ষা আসার আগে গত মাসে বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে অভিযান চালিয়ে অস্থায়ী পদক্ষেপ হিসেবে বিভিন্ন সেবা-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাহাড় ব্যবস্থাপনা কমিটি নগরের ৩০টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি রয়েছে বলে জানায়। প্রশাসনের ধারণা এই সব পাহাড়ে ১০ হাজারেরও বেশি পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।