ঝুঁকির কথা জেনেও ঘর ছাড়ছেন না অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খাগড়াছড়ির পাহাড়ে ঝুঁকিতে থাকা লোকজনকে। কিন্তু এসব কানেই তুলছেন না সেখানকার বাসিন্দারা। অনেকে প্রশাসনের অনুরোধে আশ্রয়কেন্দ্রে গেলেও বৃষ্টি থামার পরেই চলে আসছেন। জেলা প্রশাসনের হিসাবে, খাগড়াছড়ি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় দুই হাজার পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে সদরের পৌর এলাকার কলাবাগানে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে কমপক্ষে ২০ থেকে ২৫টি পরিবার। টিনের চালা ও বেড়ার এসব ঘরে নিম্নআয়ের লোকজনের বসবাস। কথা হয় একটি ঘরের বাসিন্দা বৃদ্ধা রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘৩০ বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছি। ভিটেমাটির মায়ায় আশ্রয়কেন্দ্রে এক দিন থাকার পর চলে এসেছি।’

গত শনিবার দুপুরে সদরের হরিনাথপাড়ার গ্যাপ এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি পরিবার পাহাড়ের ঢালু ও পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে। এই এলাকায় মুনতাজ মহল (৭২) ও মো. রওশন আলীর (৮০) ঘরের পেছনে পাহাড়ধসে সামান্য ক্ষতি হয়েছে। ঝুঁকির আশঙ্কা জেনেও ভিটেমাটি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চান না বলে জানান তাঁরা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যার দিকে কালাবাগান ও হরিনাথপাড়ার গ্যাপ এলাকা থেকে কিছু পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। খাগড়াছড়ির শালবন এলাকায় জেলা প্রশাসন স্টাফ কোয়ার্টারে ঝুঁকিতে থাকা লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এ ছাড়া শহরের কুমিল্লা টিলা এলাকায় গিয়েও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসতি দেখা যায়। কুমিল্লা টিলার বাসিন্দা মনোয়ারা বেগম (৫৩) বলেন, পাহাড়েধসে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে তিনি শুনেছেন। বৃষ্টি হলে তাঁরা আতঙ্কে থাকেন। তারপরও আশ্রয়কেন্দ্রে এক রাত থাকার পর চলে এসেছেন।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ও রামগড়ে পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। ১৪ ও ১৮ জুন পাহাড়ধসের ঘটনা ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সদর ছাড়াও মানিকছড়ি, রামগড় ও মহালছড়িতে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে লোকজন বসবাস করছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। এ জন্য মানিকছড়িতে ২টি, রামগড়ে ১টি ও মহালছড়িতে ১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ঝুঁকি জেনেও অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তাঁদের প্রশাসন ও পুলিশের সহায়তায় নেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রশাসন মাইকিং করে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছে। যাঁরা ঝুঁকি জেনেও যেতে চাচ্ছেন না তাঁদের অনুরোধ করে নেওয়া হচ্ছে। আশ্রয়কেন্দ্রের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে পরিবারগুলোকে।