ঝুঁকির মধ্যে চলে বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-মংলা মহাসড়কের জায়গায় ভাগা ও দিগরাজ বাজার বসায় সেখানে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। ২০০৮ সালে রাস্তার পাশের ভাগা বাজারে ট্রাক উঠে গেলে চারজনের প্রাণহানি ঘটে। আহত হন ১১ জন। 
এ দুই বাজারের কারণে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার ও রামপাল উপজেলার সদর ইউনিয়নের ভাগা বাজার ১৯৮০-৮১ সাল থেকে মহাসড়কের পাশে বসছে। ভাগা বাজার সপ্তাহের শুক্র ও মঙ্গলবার এবং দিগরাজ বাজার রবি ও বৃহস্পতিবার বসে।
১৭ ফেব্রুয়ারি বিকেলে ভাগা বাজার ও ২২ ফেব্রুয়ারি দিগরাজ বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশেই বাজার বসেছে। কাঁচাবাজার থেকে শুরু করে মাছ-মাংস সবই বিক্রি হচ্ছে। লোকজন রাস্তা পার হয়ে দুই পাশে গিয়েই কেনাকাটা করছেন। অনেককেই বেখেয়ালে রাস্তা পার হতে দেখা যায়। বাজারের কাছে এসে সব ধরনের যানবাহনই গতি কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। কখনো কখনো যানবাহন একেবারে থেমে যাচ্ছে।
কাটাখালী গ্রাম থেকে আসা সবজি ব্যবসায়ী রাকিবুল বলেন, খুলনা-মংলা মহাসড়ক ব্যস্ততম সড়ক। প্রতিদিনই মংলা বন্দর ও মংলা ইপিজেডের পণ্যবোঝাই প্রচুর গাড়ি এ পথে চলাচল করে। এখানেই তিন যুগ ধরে বাজার বসছে।
বাজার করতে আসা ভাগা গ্রামের স্কুলশিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, সপ্তাহের বাজার করতে এলাকাবাসীকে এখানে আসতেই হয়। এ রকম ব্যস্ত মহাসড়কের পাশে বাজার মানেই তো দুর্ঘটনার ঝুঁকি। শুধু ঝুঁকিই নয়, ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে। ২০০৮ সালের মর্মান্তিক দুর্ঘটনার পর বাজার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা হয়েছিল। কিন্তু¦এত বছরেও কোনো ফল হয়নি।
খুলনা-মংলা বাস সার্ভিসের চালক সেলিম শেখ বলেন, ‘দুই পাশের বাজারের দোকানগুলো প্রায় রাস্তার ওপরে চলে আসে। বাজার করতে আসা লোকজনের ভিড়ে আমাদের খুব শঙ্কার মধ্যে গাড়ি চালাতে হয়। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, মহাসড়কের পাশ থেকে বাজার নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক।’
রামপাল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘আমরা কিছু খাস জমি নির্ধারণ করে সরকারের কাছে সেখানে বাজার স্থানান্তরের দাবি জানিয়েছি। স্থানীয় সাংসদকেও বিষয়টি বলেছি। আশা করছি, খুব দ্রুত বাজার মহাসড়কের পাশ থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।’
বুড়িরডাঙ্গা ইউপির চেয়ারম্যান অনির্বান হালদার বলেন, ‘দিগরাজ বাজার স্থানান্তরের জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগের কাছে জায়গার জন্য আবেদন করেছিলাম। কিন্ত¦কোনো সাড়া মেলেনি। বাজারটি মংলা বন্দরের কাছে। বন্দর কর্তৃপক্ষও যদি আমাদের কিছু জায়গা ইজারা দেয়, তাহলে আমরা নিরাপদ স্থানে বাজার স্থানান্তর করতে পারব।’