ভবন নির্মাণে নীতিমালা না মানায় রাজধানীর বেশির ভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। এসব ভবনে ভূমিকম্প প্রতিরোধ বা দুর্যোগ মোকাবিলার ন্যূনতম ব্যবস্থা নেই। এর মধ্যে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘ভূমিকম্প মোকাবিলায় সচেতনতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।সেমিনারে বলা হয়, রিখটার স্কেলে ৬ দশমিক ৬ বা ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় অন্তত ৭২ হাজার বাড়িঘর বিধ্বস্ত হবে। আর এ ধরনের দুর্যোগ রাতে ঘটলে ৭০ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভারনারেবলিটি স্টাডিজ (সিডিবিএস) ও গ্রিন বেল্ট ট্রাস্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে বক্তারা ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নতুন অবকাঠামো তৈরিতে ভবন নির্মাণ নীতিমালা মানা হচ্ছে কি না, তা গভীরভাবে তদারক করতে হবে। এ ছাড়া ভূমিকম্পে পুরোনো ভবনগুলো ও জনজীবনের ক্ষয়ক্ষতি হ্রাসে জনগণকে সচেতন করতে হবে। সেমিনারের মূল প্রবন্ধে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূমিতে ছোট-বড় অনেক ফাটলরেখা রয়েছে। এসব অঞ্চল অত্যধিক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, তিনটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য একাডেমিক ইনস্টিটিউট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা শহরের অধিকাংশ ভবন অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে। অনেক ক্ষেত্রে দুপাশে বড় বড় ভবনের মাঝে রয়েছে সরু রাস্তা। ভূমিকম্পে এসব বাড়ি বিধ্বস্ত হলে ওই সরু রাস্তা দিয়ে উদ্ধারকর্মীরাও ঢুকতে পারবেন না।বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শাহিদ উল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, সিডিভিএসের পরিচালক খন্দকার মোকাদ্দেম হোসেন, গ্রিন বেল্টের মহাপরিচালক জসিম খাতাবী প্রমুখ।