ঝুঁকির মধ্যে রূপগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার খোলাপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ । ছবি: প্রথম আলো
গাজীপুর সদর উপজেলার খোলাপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ । ছবি: প্রথম আলো

থাকার ঘরটি কাঁচা-পাকা। পাশে খোলা উঠানের এক কোণে পাটখড়ি দিয়ে তৈরি রান্নাঘর। এতে দুই বার্নারের একটি গ্যাসের চুলা। রান্নাঘরের বাইরে নিম্নমানের পাইপের সঙ্গে লাগানো রাইজার (সংযোগযন্ত্র)। চুলা আর রাইজার—দুটোই অরক্ষিত।
দুর্ঘটনা ঘটলে কী করবেন—জানতে চাইলে ওই বাড়ির বাসিন্দা সুফিয়া বেগম বলেন, ‘গাজী (সাংসদ গোলাম দস্তগীর গাজী) আর আবুল হোসেন খান দেখব।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের গাবতলা বাজারের পাশের এলাকার চিত্র এটি। গত কয়েক মাসে রূপগঞ্জে এ রকম ২৫ হাজার অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। আর এসব সংযোগ দিয়ে সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা হাতিয়ে নিয়েছেন আনুমানিক ১০০ কোটি টাকা।

অবৈধ সংযোগে নেওয়া গ্যাসে রান্না করছেন এক গৃহিণী। ছবিটি রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে তোলা । প্রথম আলো
অবৈধ সংযোগে নেওয়া গ্যাসে রান্না করছেন এক গৃহিণী। ছবিটি রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে তোলা । প্রথম আলো

সুফিয়া জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল হোসেন সংযোগ বাবদ তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছেন। আর পাইপ ও অন্যান্য সরঞ্জাম কিনতে আরও খরচ পড়েছে ১৫ হাজার টাকা। এই গ্যাস-সংযোগটি যে অবৈধ, সুফিয়া বেগম তা জানেন না। তবে অন্য অনেকেই জানেন। তাঁরা বলেন, নেতারা সংযোগ বৈধ করার আশ্বাস দিয়েছেন।
তবে তিতাস গ্যাসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব সংযোগ কখনো বৈধ করা সম্ভব হবে না।
সরেজমিন ঘুরে দেখা যায়, রূপগঞ্জ উপজেলার ভোলাব, ভুলতা, রূপগঞ্জ, কায়েতপাড়া, গোলাকান্দাইল, দাউদপুর ও মুড়াপাড়া ইউনিয়ন এবং দুই পৌরসভা কাঞ্চন ও তারাবোতে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় কয়েকটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে।
ভোলাব ইউনিয়নে গিয়ে দেখা গেছে, বিরাব, পাইসকা, চারিতালুক, গুতুলিয়া, পুবেরগাঁও, করাটিয়াসহ কয়েকটি এলাকায় প্রায় ২০ কিলোমিটারজুড়ে লাইন স্থাপন করা হয়েছে। ওই সব এলাকায় বিভিন্ন বাড়িতে প্রায় দুই হাজার অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। এখানে অবৈধ বাণিজ্যের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খান ও শেখ সাইফুল ইসলাম।
জানতে চাইলে অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেন আবুল হোসেন। তিনি বলেন, যাঁরা গ্যাস চেয়েছে, তাঁদের সংযোগ দেওয়া হয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কথা হয় স্থানীয় লোকজনের সঙ্গে। তাঁরা জানান, এই গ্রামে বৈধ সংযোগ ৩০টির মতো। এবার অবৈধ সংযোগ দেওয়া হয়েছে হাজার খানেক। অবৈধ বাণিজ্যে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম দিলদার ও আওয়ামী লীগ নেতা শামসুল আলম সরকার। অবশ্য তাঁরা দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় লোকজন ব্যবসায়ী এ টি এম জাহাঙ্গীর আলম জানান, পাঁচ বছর আগে এই গ্রামে দেড় শর মতো পরিবার বৈধ গ্যাস-সংযোগের জন্য আবেদন করেছিলেন। তাঁরা সংযোগ পাননি। অথচ অবৈধ সংযোগে পুরো গ্রাম ছেয়ে গেছে।
কাঞ্চন ও মুড়াপাড়া এলাকায় অবৈধ সংযোগ দিয়ে আলম মিয়া নামে এক ভুয়া ঠিকাদার হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। জানতে চাইলে কাঞ্চন পৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ও স্থানীয় নেতা মোতাহার হোসেন বলেন, তাঁরা সাংসদের নির্দেশে বাড়ি বাড়ি গ্যাস-সংযোগ দিয়েছেন। এ জন্য প্রতি পরিবার থেকে ৫-১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি, এতে মানুষের উপকার হয়েছে।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, নিম্নমানের পাইপ ব্যবহার ও অপেশাদার ঠিকাদারদের মাধ্যমে কাজ করানোর কারণে অবৈধ সংযোগগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুই সপ্তাহ আগে ভুলতার পারাগাঁও এলাকায় খলিল মিয়ার বাড়িতে রাইজার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
মুড়াপাড়া বানিয়াদী এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়ার মুখে পড়ে ব্যর্থ হয়ে ফিরে যান।
তিতাসের যাত্রামুড়া শাখার উপ-মহাব্যস্থাপক খন্দকার আবদুস সবুর বলেন, এসব অবৈধ সংযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।