ঝুঁকির মধ্যেই চলছে বিদ্যালয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা ছাদ থেকে প্রায় প্রতিদিনই পলেস্তারা খসে পড়ছে৷ বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পানি পড়ে৷ এমন ঝুঁকির মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান চলছে৷
কিশোরগঞ্জের তাড়াইল সদরের তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে৷ রয়েছেন ১৩ জন শিক্ষক৷ বিদ্যালয়টি এমন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অভিভাবকেরাও আতঙ্কের মধ্যে রয়েছেন৷
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিনটি পাকা ভবনের মধ্যে উত্তর দিকে পাঁচ কক্ষের ভবনটি পাকিস্তান আমলে নির্মাণের পর কোনো সংস্কারকাজ হয়নি৷ ভবনটির প্রতিটি কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে৷ প্রায়ই খসে পড়ছে পলেস্তারা৷
জানা যায়, ইতিমধ্যে পলেস্তারা খসে পড়ে ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে৷ বৃষ্টি এলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে৷
দক্ষিণ দিকের পূর্বাংশের দুই কক্ষবিশিষ্ট ভবনটি প্রায় ১০ বছর আগে নির্মাণ করা হয়৷ কিন্তু এ ভবনটিও জরাজীর্ণ৷ ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে৷ এ অবস্থায় তিন বছর ধরে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে থাকলেও দেখার কেউ নেই৷ নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফায় জানানো হলেও কোনো লাভ হচ্ছে না৷
বিদ্যালয় থেকে জানা গেছে, ১৭টি কক্ষের প্রয়োজন হলেও জরাজীর্ণ দুটি ভবনসহ মোট তিনটি ভবনে ১২টি কক্ষ রয়েছে৷ ক্লাসে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়৷ পাশাপাশি বিদ্যালয়ে বেঞ্চের সংকট রয়েছে৷
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মৌরী আক্তার জানায়, ‘স্কুলে এসে সারাক্ষণ ভয়ে থাকি, কখন জানি মাথার ওপর প্লাস্টার (পলেস্তারা) ভেঙে পড়ে৷ বেঞ্চ কম থাকায় একটিতে সাত-আটজন করে বসি৷’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন বিদ্যালয়ে এসে পাঠদানের আগে আমরা প্রতিটি কক্ষের ঝুঁকিপূর্ণ পলেস্তারা শাবল দিয়ে মেঝেতে ফেলি৷’ প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়গুলো জানানো হলেও কোনো কাজ হচ্ছে না৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার বলেন, ‘কয়েক দিন আগে আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি৷ দ্রুত এ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে৷’