ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসে বুক কেঁপে ওঠে উপকূলবাসীর। কারণ, উপকূল দিয়ে বয়ে যাওয়া প্রতিটি ঝড়ই তাদের জন্য মৃত্যুবার্তা। ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে টেকনাফ ও উখিয়ায়। এত বছর পরও আবহাওয়ার খারাপ সংকেত পেলেই সেই ভয়াল স্মৃতি মনে পড়ে তাদের। টেকনাফ ও উখিয়া উপকূলে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করে। কিন্তু তাদের জন্য আশ্রয়কেন্দ্র রয়েছে মাত্র ৯৩টি। তাই সাগর একটু উত্তাল হলে বা আবহাওয়ার কোনো বিপদসংকেত শুনলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এ এলাকার মানুষ। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ার সোলতান আহমদ, সেন্ট মার্টিনের শরীফ হোসেন, জালিয়াপাড়ার আবদুর রশিদ, বাহারছড়ার মোকতার আহমদসহ অনেকেই বলেন, উপকূলের মানুষের সঙ্গে সরকারের আচরণ বৈষম্যমূলক। তা না হলে এত দিনেও কেন এলাকার অনেক মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বঞ্চিত। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ন ম নাজিম উদ্দিন ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপকূলীয় এলাকার পাঁচ লক্ষাধিক মানুষের বিপরীতে ৯৩টি আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত নয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, ’৯১-এর ঘূর্ণিঝড়ের পর এই ইউনিয়নে ১১ হাজার মানুষের জন্য মাত্র দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এক যুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টেকনাফ উপজেলা রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের পরে টেকনাফে ৫১টি ও উখিয়ায় ৪২টি গ্রামে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ৬৭টি আশ্রয়কেন্দ্র এখন ঝুঁকিপূর্ণ। বাকি আশ্রয়কেন্দ্রগুলো বিভিন্ন ব্যক্তির দখলে চলে গেছে। একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এসব কেন্দ্র দখল করে রেখেছেন। আবার কেউ কেউ আশ্রয়কেন্দ্রগুলো গুদাম হিসেবে ব্যবহার করছেন। বাহারছড়ার ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, তাঁর এলাকায় ১০টি নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। পুরোনো আশ্রয়কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই। আশ্রয়কেন্দ্রগুলোর দরজা-জানালা নষ্ট হয়ে গেছে, কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই।