ঝুঁকির মুখে ধরমপাশার চার হাওরের ফসল
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার টঙ্গীর বাঁধ ভেঙে আরও ছয়টি হাওরের দুই হাজার ২০০ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। বর্তমানে শিমুলতোলার বাঁধ ও খর্মার বাঁধটি হুমকির মুখে। দুটি বাঁধের ওপর নির্ভরশীল এই উপজেলার অবশিষ্ট চারটি হাওর—জালধরা, কুদালিয়া, মেদা ও খেউটি। এখানে রয়েছে ৬৫০ হেক্টর জমির ফসল।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এখানকার ১০টি ইউনিয়নের ৭৮টি হাওরের ৩০ হাজার ৪০০ হেক্টর জমির মধ্যে ৭৪টি হাওরের সাড়ে ২১ হাজার হেক্টর জমির বোরো ফসল এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ ১৮৬ কোটি ৭৮ লাখ টাকা।গতকাল বৃহস্পতিবার সকালে শিমুলতোলা বাঁধে গিয়ে দেখা যায়, বাঁধটির প্রায় সমান সমান উচ্চতায় রয়েছে পানি। হাওরে পানি ঢুকে পড়বে, এ আশঙ্কায় কয়েকজন কৃষককে আধাপাকা ধান কাটতে দেখা গেছে। দুপুর সাড়ে ১২টায় খর্মার বাঁধে গিয়ে দেখা যায়, স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় বাঁধে বস্তা, মাটি ও বাঁঁশ ফেলে বাঁধ রক্ষার কাজ করছেন। বাঁধ রক্ষার কাজে নিয়োজিত কাকিয়াম গ্রামের কলেজছাত্র মো. রাজু আহমেদ (২২) বলেন, ‘সারা বছরে আমাদের এখানে একটি মাত্র বোরো ফসল, তাই পড়াশোনা ফেলে বাঁধ রক্ষার কাজ করছি।’ স্কুলশিক্ষক মো. জালাল উদ্দিন অভিযোগ করেন, ‘বাঁধ রক্ষার কাজে কোনো সরকারি সহায়তা নেই।’ মাইজবাড়ি গ্রামের পারুল বেগম (৫০) বলেন, ‘সাত কিয়ার (৩২ শতাংশে এক কিয়ার) জমিতে ধান চাষ করাইছিলাম। দুই কিয়ার আধা পাকনা ধান কাটতেই হাওর তলাইয়া গেছে। দুইডা মাইয়া কলেজে পড়ে, তারারে খরচ কোত্থেইকা দিমু আর হারা বছর খামুই বা কী?’সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ্ বলেন, ‘অবশিষ্ট এ চারটি হাওর আমার ইউনিয়নের মধ্যে, তাই হাওরগুলো তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য স্থানীয় জনগণকে নিয়ে বাঁধ রক্ষার কাজ করছি।’ কৃষি বিভাগের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির কোনো মিল নেই উল্লেখ করে জরুরিভিত্তিতে সরকারি সহায়তা দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।এদিকে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতে টঙ্গীর বাঁধটি ভেঙে গত বুধবার বিকেল পর্যন্ত টগা, শৈলচাপড়া, ধলা, মনিয়া, হলদি ও হাড়গোড় হাওরে দুই হাজার ২০০ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে আশপাশের ১৪টি গ্রামের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ হাওরগুলোতে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বোরো ফসল চাষ করা হয়েছিল। পানি চলে আসায় কৃষকেরা পুরো ধান কাটতে পারেননি।