ঝুঁকির মুখে ফেরিঘাট, বাড়ি, ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন নদীর তীরও ভাঙনের মুখে। এতে ফেরিঘাট ঝুঁকির মধ্যে রয়েছে l প্রথম আলো
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন নদীর তীরও ভাঙনের মুখে। এতে ফেরিঘাট ঝুঁকির মধ্যে রয়েছে l প্রথম আলো

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে ভাঙন আরও তীব্র হয়েছে। জোয়ার-ভাটার তোড়ে বাঁধের পাঁচটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেরিঘাট, স্থানীয় বাজার, বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের মুখে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় জানায়, দুমকি উপজেলায় পায়রা নদীর অব্যাহত ভাঙনের মুখে লেবুখালী ফেরিঘাট, বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও এলাকার বসতবাড়ি-ফসলি জমি রক্ষায় লেবুখালীতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পাউবো। ১৯৮৪-৮৫ অর্থবছরে ফেরিঘাটের পূর্ব দিকে ২০০ মিটার এবং পশ্চিম দিকে এক হাজার মিটার ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। ২০০৭ সালে সিডর এবং ২০০৯ সালে আইলায় ওই বাঁধে ব্যাপক ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে, বিশেষ করে বর্ষায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং স্রোতের তোড়ে বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়।
পাউবো আরও জানায়, ২০১২-২০১৩ অর্থবছরে লেবুখালী প্রতিরক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষামূলক মেরামতের উদ্যোগ নেওয়া হয়। ভাঙনস্থলে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা হয়েছিল। এতে ব্যয় হয় ১৯ লাখ টাকা। কিন্তু, তাতে ভাঙন ঠেকানো যাচ্ছে না।
এদিকে এক সপ্তাহ ধরে ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। পায়রা নদীতে জোয়ার-ভাটার তোড়ে ফেরিঘাট-সংলগ্ন বাঁধের পূর্ব ও পশ্চিম দিকের দুটি পয়েন্টে অন্তত ৮০০ মিটার ভেঙে নদীতে চলে গেছে। প্রতিদিনই স্রোতে বাঁধের ব্লক ধসে নদীতে বিলীন হচ্ছে। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, খরস্রোতা পায়রা নদীর গ্রাসে লেবুখালী অংশ ভাঙনকবলিত। প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজটি যেনতেনভাবে করায় নদীর দিকে নিচের অংশের ব্লক সরে গিয়ে ধস নেমেছে। বালুর বস্তা ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। ভাঙন দ্রুত বসতবাড়ির দিকে এগিয়ে আসছে।
লেবুখালী ফেরিঘাট এলাকার বাসিন্দা দেলোয়ার আকন বলেন, ‘যেভাবে বাঁধ ভেঙে যাচ্ছে, তাতে বাঁধের অভ্যন্তরের শতাধিক পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। পৈতৃক ভিটেবাড়ি হারানোর দুশ্চিন্তায় পড়েছি আমরা।’
লেবুখালী গ্রামের আবদুল আজিজ বলেন, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বাঁধের পাড়ের বসতবাড়ি পায়রা নদীতে বিলীন হয়ে যাবে। এ ছাড়া জোয়ারে সময় পানি বাড়লে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে লেবুখালী, মোল্লাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া—এ পাঁচ গ্রামের ফসলি জমির ব্যাপক ক্ষতি হবে।
লেবুখালী ইউনিয়নের সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ভাঙন চলতে থাকলে লেবুখালী ফেরিঘাটটিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে পটুয়াখালী-কুয়াকাটা সড়ক যোগাযোগ ব্যাহত হবে।
সওজ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বাঁধে ভাঙনের কারণে ফেরিঘাটটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পন্টুনের নিচ থেকে মটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফেরিঘাটটি। বারবার তীরের দিকে টেনে আনতে হচ্ছে পন্টুন। এতে আর্থিক ব্যয়সহ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ভূঁইয়া বলেন, পায়রা নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে লেবুখালী বাঁধে আগেই ভাঙন দেখা দেয়।
গত বছর বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানো হয়েছিল। তবে জোয়ার-ভাটার প্রবল চাপে এক সপ্তাহ ধরে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দ না থাকায় স্থায়ীভাবে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। তবে ভাঙন থেকে বসতবাড়ি ও ফেরিঘাট রক্ষায় ঘাটের পূর্ব দিকে নদীতে জরুরি ভিত্তিতে অস্থায়ী ‘পার্ক ও পাইন’ (বাঁশের খাঁচার মধ্যে ইট) ফেলা হচ্ছে।