ঝুঁকির মুখে সেতু ও বিদ্যুতের টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে একটি বিদ্যুতের টাওয়ার ও তিনটি সেতু। বেড়েছে ভাঙন।সরেজমিনে দেখা যায়, কাপ্তাই সড়কের ইছামতী সেতু থেকে উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিলি পর্যন্ত ২৫-২৬টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। নদীর পাড়ের ২০টি স্থানে বালু মজুত করা হয়েছে। বালু তোলায় নদীতে গভীর খাদের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের কতিপয় নেতা অনুসারীদের দিয়ে নদী থেকে বালু তুলছেন। এতে ভিটেবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কা করছেন নদীর পাড়ের মানুষ।মুরাদনগর পৌর এলাকার আবদুর রশিদ (৩৯) বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে গভীর খাদ হওয়ায় নদীর পাড় এমনিতেই ধসে পড়ছে। বর্তমানে ৩৩ হাজার কেভির বিদ্যুতের টাওয়ার নদীর মধ্যে রয়েছে। ঝুঁকিতে রয়েছে ইছামতি সেতু। এর পরও বালু উত্তোলন চলছে। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস ছালাম জানান, বালু তোলায় ইউনিয়নের ৩০০ বছরের পুরোনো চাকমা রাজার রাজবাড়ী ও সেতু ভাঙনের মুখে পড়েছে। আর মাত্র ৫০ ফুট ভাঙলেই ডিসি সড়কের ২০০ মিটার অংশ বিলীন হয়ে যাবে। উত্তর রাজানগর ইউনিয়নের রাজঘাটা গ্রামের আবু জাফর (৪৭) বলেন, ‘ড্রেজারের গর্জনে রাতে ঘুমাতে পারি না।’পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, ড্রেজার দিয়ে বালুমহাল থেকেও বালু তোলার নিয়ম নেই। কিন্তু স্বার্থান্বেষীরা ইজারা ছাড়াই বালু তুলে প্রতিদিন ফায়দা লুটছে। জানতে চাইলে দক্ষিণ রাজানগর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের সৈয়দ, উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রামের বখতেয়ার ও স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন গ্রামের আমিনুর রহমান বলেন, নেতাদের জন্য বালু তুলছেন। নেতাদের পরিচয় চাইলে বলেন, জেনে লাভ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, অভিযান চালিয়ে ইছামতী থেকে একাধিকবার ড্রেজার জব্দ করা হয়েছে। এর পরও ফাঁকি দিয়ে বালু তোলা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হবে।