ঝুট কাপড়ের গুদামসহ চার বাড়ি পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া মহল্লায় আগুন লেগে একটি ঝুট কাপড়ের গুদামসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকালে মহল্লার ওই ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুনের লেলিহান শিখা পাশের দিনমজুর হাসমত আলী (৬৮) ও ইমতিয়াজ আলীর (৬২) বাড়িতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে বলে সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওয়াহেদ আলী জানান।
ঝুট কাপড়ের মালিক শাহজাদা (৩৫) দাবি করেন, আগুনে তাঁর সাড়ে তিন লাখ টাকার কাপড় পুড়ে গেছে। এ ছাড়া গুদামসংলগ্ন তিনটি ঘর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির বাসিন্দারা দাবি করেছেন।