
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে গত বছরের ১৫ জুলাই শহরের জামতলা ধোপা পট্টি মসজিদের সামনে প্রকাশ্যে খুন হন শহীদুল আলম ওরফে মিঠু। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরে যুবলীগ করতেন।ফতুল্লা থানার ইসদাইর গাবতলী এলাকায় শহীদুলের বাড়ি খুঁজতে গেলে কয়েকজন যুবক এগিয়ে এলেন। এ প্রতিবেদকদের পরিচয় জানার পর যুবকেরা জানালেন, তাঁরা শহীদুলের বন্ধু। যুবকদের একজন ইসমাইল হোসেন জানান, জামতলা মসজিদের সামনে আক্রান্ত হওয়ার সময় তিনিও শহীদুলের সঙ্গে ছিলেন।এলাকাবাসী, পুলিশ ও পোশাক কারখানার ঝুট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। মামলা দায়ের করার সময় শহীদুলের বাবা আজমেরীকে প্রধান আসামি করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে আজমেরীর নাম বাদ দিয়ে মামলা করতে বাধ্য হয় পরিবার।শহীদুলের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খুরশীদুল আলম অবশ্য এ নিয়ে কথা বলতে অনাগ্রহই প্রকাশ করলেন। স্বগতোক্তির মতো তাঁর প্রশ্ন, ‘এই কথা বলার কোনো অর্থ আছে?’সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহীদুল হত্যার প্রধান কারণ তৈরি পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড়ের (ঝুট) ব্যবসা নিয়ন্ত্রণ। শহীদুল ঝুট ব্যবসা করতেন না। তবে তিনি চাইতেন, যুবলীগ, ছাত্রলীগের কিছু ছেলে যেন এই ব্যবসা করে একটু স্বাবলম্বী হয়। শহীদুলের এই উদ্যোগের কারণে আজমেরীর লোকজন ইসদাইর ও সংলগ্ন এলাকার ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছিল না।অন্যদিকে পরিবহন ব্যবসার আড়ালে শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জিরানী মাতব্বরের ছেলে উজ্জ্বল এলাকায় মাদক ব্যবসা শুরু করলে শহীদুল ও তাঁর বন্ধুরা বাধা দেন। মাদক ব্যবসা বন্ধের দাবিতে তাঁরা এলাকার পাঁচটি মসজিদে মত বিনিময় সভা করেন। মানববন্ধন করেন প্রেসক্লাবের সামনে। একপর্যায়ে জিরানী মাতব্বর প্রকাশ্যে শহীদুলকে হত্যা করার হুমকি দেন।সূত্রগুলো মনে করছে, ঝুট ও মাদক ব্যবসায়ী—দুই পক্ষের স্বার্থ একসূত্রে গাঁথা হয়েই পৃথিবী থেকে সরিয়ে দেয় শহীদুলকে। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য জিরানী মাতব্বরের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। কথা বলা সম্ভব হয়নি আজমেরী ওসমানের সঙ্গে। তাঁর ‘নির্যাতন কেন্দ্রে’ র্যাবের অভিযানের পর থেকে কিছুটা আত্মগোপনে আছেন আজমেরী।
আজমেরীকে আসামি না করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি নারায়ণগঞ্জের দায়িত্বে ছিলেন না। তাই বিষয়টি তাঁর ভালো জানা নেই।
পুলিশ আদালতে যে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে, সেখানে এজাহারভুক্ত আসামি মিনহাজুল ইসলাম ওরফে সিজারকে বাদ দেওয়া হয়েছে। মিনহাজ ২০১১ সালের ১১ মে সংঘটিত আশিক ইসলাম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। ওই মামলার অভিযোগপত্র থেকে পুলিশ মিনহাজের নাম বাদ দিয়েছে। পুলিশ সুপারের দাবি, তাঁর ঠিকানা পাওয়া যায়নি। ‘ঠিকানা না থাকলে আসামি পার পেয়ে যাবেন কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘না। পরে যদি কোনোভাবে ঠিকানা পাওয়া যায় বা ওই আসামি গ্রেপ্তার হন, তাহলে আপনা থেকেই সংশ্লিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
আশিক ইসলামও ছিলেন ঝুট ব্যবসায়ী। অভিযোগ করা হচ্ছে, আজমেরী ওসমানের ব্যবসায়িক স্বার্থে আঘাত লাগায় মিনহাজকে দিয়ে বাসা থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে আশিককে। আশিক নারায়ণগঞ্জে ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ফুফাতো ভাই।
ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, জেলার পরিবহন খাতের চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টসের ঝুট ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জ্বালানি তেলের চোরাই ব্যবসা, বিভিন্ন দপ্তরের দরপত্র নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা পরিচালনা—সব অবৈধ কর্মকাণ্ড ওসমান পরিবার ও তাঁদের অনুসারীরা নিয়ন্ত্রণ করে আসছে। তাঁর দাবি, তিনি এসবের বিরোধিতা করার কারণেই খুন করা হয়েছে তাঁর ছেলে ত্বকীকে।
পরিবহনে চাঁদাবাজি: নসিব পরিবহনের মালিকেরা গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল হাসান ওরফে নিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন। তাঁরা দাবি করেন, বর্তমান সরকারের সাড়ে চার বছরে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা চাঁদা আদায় করে নিয়েছে এরা।
এরপর ১ সেপ্টেম্বর বন্ধন পরিবহন কোম্পানির যাত্রীবাহী বাসগুলো থেকে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর বন্ধু ইব্রাহীম চেঙ্গিস সাত কোটি টাকা চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে স্মারকলিপি দেন কোম্পানির ৩২ জন মালিক। চেঙ্গিস একসময় এই পরিবহনের চেয়ারম্যান ছিলেন।
জানতে চাইলে শামীম ওসমান বলেন, ইব্রাহীম চেঙ্গিস ও এহসানুল হাসান নিজেরাও পরিবহন ব্যবসায়ী। এই দুজনের কেন চাঁদাবাজি করতে হবে? শামীম ওসমান বলেন, ‘চাঁদাবাজি ওঁরা আদৌ করেছেন কি করেননি, তা তাঁদের বিষয়। আমার আপত্তি, আমার নাম জড়ানো নিয়ে।’