ঝুট ব্যবসা নিয়ে যত দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের খেসারত দিচ্ছেন ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা গ্রামের লোকজন। এই ব্যবসা নিয়ে সৃষ্ট একাধিক মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের পুরুষেরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছেন না আসামিদের আত্মীয়স্বজনেরাও।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এক সেনা কর্মকর্তা পাঁচ বছর আগে জিঞ্জিরা এলাকায় জমি কিনে সিপিএম কম্পোজিট প্রাইভেট লিমিটেড নামের কারখানা করেন। তখন থেকে জমি বিক্রেতা ও তাঁদের ঘনিষ্ঠজনেরা সেখান থেকে ঝুট কিনতে পারছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জংয়ের (মুরাদ) অনুরোধে মালিকপক্ষ তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়। এরপর সাংসদের অনুরোধে কর্তৃপক্ষ বিরুলিয়ার কাকাবর এলাকার সুজন ও পাড়াগ্রাম গ্রামের নূরে আলমের কাছে ঝুট বিক্রির নতুন চুক্তি করেন। কিন্তু তাঁরা সাংসদের প্রভাব খাটিয়ে ঝুটের দাম কম দিয়ে আসছিলেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি তাঁদের সঙ্গে চুক্তি বাতিল এবং জমি বিক্রেতা সোহরাওয়ার্দী ও শওকত আলীসহ অন্যদের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংসদের লোক সুজন ও নূরে আলম। শওকত আলী বলেন, ঝুটের ব্যবসা দেওয়া হবে এই শর্তেই তাঁরা জমি বিক্রি করেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের বিতাড়িত করা হয়। সুজন ও নূরে আলমের কাছে ন্যায্যমূল্য না পেয়ে কারখানা কর্তৃপক্ষ আবার তাঁদের কাছে ঝুট বিক্রির সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন ও নূরে আলম গত রোববার রাতে পুলিশ নিয়ে তাঁর বাড়িতে হানা দেন এবং তাঁর ছেলে বাদশাকে গ্রেপ্তারের চেষ্টা চালান। পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করলে ডাকাত মনে করে তাঁরা চিৎকার দেন। এ সময় গ্রামের লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়।শওকত বলেন, ওই ঘটনায় বাদশাসহ কয়েকজনের বিরুদ্ধে সাভার থানায় মারধর ও চাঁদা দাবির মিথ্যা মামলা করেন নূরে আলম। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় অর্ধশত লোকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। শুধু ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সুজন ও নূরে আলম তাঁদের পুলিশ দিয়ে হয়রানি করছেন। পুলিশের ওপর হামলা মামলার আসামি জিঞ্জিরা গ্রামের কামাল হোসেন, আনোয়ার হোসেন ও মতিউর রহমানকে ধরতে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায় তাঁদের আত্মীয় ঢাকার ধামরাই উপজেলার বাস্তা গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে। আলতাফের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাত দেড়টার দিকে একদল পুলিশ তাঁদের বাড়ি ঘেরাও করে দরজা খুলতে বলে। তাঁরা দরজা খুলে দিলে পুলিশের দুই কর্মকর্তা ঘরে ঢুকে তাঁর স্বামী আলতাফকে গালিগালাজের পর মারধর করেন। এরপর ঘর তল্লাশি করে আসামিদের না পেয়ে পুলিশ তাঁর স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামের লোকজন জড়ো হয়ে আলতাফকে ছাড়ানোর চেষ্টা করে।মমতাজ অভিযোগ করেন, তাঁর স্বামীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পুলিশ ৪০ হাজার টাকা দাবি করে। অনেক দর-কষাকষির পর ১০ হাজার টাকার বিনিময়ে আলতাফ ছাড়া পান। অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার থানার উপপরিদর্শক (এসআই) জোবায়দুল হক ও ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুর রহমান আলতাফকে মারধর ও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। যোগাযোগ করা হলে সিপিএম কম্পোজিট কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. মবিনুল হক প্রথম আলোর কাছে সাংসদের প্রভাব খাটিয়ে ঝুটের ব্যবসা কবজা করা ও ঝুটের দাম কম দেওয়াসহ অনেক অভিযোগেরই সত্যতা নিশ্চিত করেন।ঝুট ব্যবসায়ী সুজন দাবি করেন, তাঁরা চুক্তি অনুযায়ী দাম পরিশোধ করছেন। জিঞ্জিরা গ্রামের কিছু লোক তাঁদের বিতাড়িত করতে ষড়যন্ত্র শুরু করেছে। এর জের ধরেই ওই এলাকার কয়েকজন লোক তাঁদের মারধর করলে নূরে আলম মামলা করেন। যোগাযোগ করা হলে সাংসদ তালুকদার তৌহিদ জং বলেন, ‘সুজন ও নূরে আলম খুবই ভালো এবং আমাদেরই ছেলে। এ জন্য আমিই ওদের কারখানাটি ম্যানেজ করে দিয়েছিলাম। সোহরাওয়ার্দীসহ ওই এলাকার কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ওদের দোষারোপ করছেন এবং মিথ্যা অপবাদ দিচ্ছেন।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে কি না, আমাদের জানা নেই। থানায় মামলা হওয়ার কারণেই পুলিশ আসামি ধরতে যায়। এ সময় গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনায় আরও একটি মামলা হয়। এখন পুলিশ আসামি ধরার চেষ্টা করবে আর আসামিরা পালিয়ে থাকবে এটাই স্বাভাবিক। উদ্দেশ্যমূলক কিছু করা হচ্ছে না।