ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই চেয়ারম্যান মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পোশাক কারখানার ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি অবস্থান নিয়েছেন উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান৷ দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে৷
কয়েকটি পোশাক কারখানার মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব সময় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কালিয়াকৈরের পোশাক কারখানাগুলোর ঝুঁটের ব্যবসা নিয়ন্ত্রণ করেন৷ পাঁচ বছর ধরে বেশির ভাগ কারখানার ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণ করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন শিকদারের ছোট ভাই মোশারফ শিকদার ও ফারুক শিকদার এবং বোনের জামাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন৷ ঝুঁট ব্যবসা থেকে বঞ্চিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমসহ অনেক নেতা-কর্মী৷
গত ২৩ মার্চের উপজেলা পরিষদের নির্বাচনে কামাল উদ্দিন শিকদারকে হারিয়ে নতুন চেয়ারম্যান হন রেজাউল করিম৷ এরপর থেকে তিনি ও তাঁর সমর্থকেরা ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে উঠেপড়ে লাগেন৷ এরই মধ্যে রেজাউল উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন টেক্সটাইল ও ইন্টারস্টফ লিমিটেড নামের দুইটি পোশাক কারখানার ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকালে রেজাউলের সমর্থক মো. শহীদ ও মজনুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার ঝুঁটের নিয়ন্ত্রণ নিতে ওই কারখানায় যান৷
খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ওই কারখানার সামনে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়৷ এরপর গত বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকার নিট এশিয়া লিমিটেড কারখানার ঝুঁট বের করার সময় বাধা দেন রেজাউলের লোকজন৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দুই পক্ষ পরে সফিপুর বাজারে বৈঠক করলেও কোনো সমাধান হয়নি৷
তবে নিট এশিয়া লিমিটেডের মহাব্যবস্থাপক ইরফানুর রহমান প্রথম আলোকে জানান, তাঁদের কারখানার মালামাল বের হয় উপজেলা বিআরডিপির চেয়ারম্যান মোশাররফ হোসেনের নামে৷ বৃহস্পতিবারের ঘটনার পর দুই পক্ষ বাইরে বসে মীমাংশা করেছেন বলে জানতে পেরেছি৷
কয়েকজন ঝুঁট ব্যবসায়ী জানান, ঝুঁট ব্যবসার নিয়ন্ত্রণের বিষয়টি সমাধানের জন্য তাঁরা গত রোববার গাজীপুর-১ আসনের সাংসদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঢাকার মিন্টু রোডের বাসায় যান৷ বৈঠকে চেয়ারম্যান রেজাউল করিম, তাঁর বড় ভাই চাপাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুজ্জামানসহ দুই পক্ষের নেতা-কর্মীরা ছিলেন৷ তবে কামাল উদ্দিন শিকদার ছিলেন না৷ মন্ত্রী তাঁদের বলেছেন, গত পাঁচ বছর যারা ঝুঁট ব্যবসা করতে পারেননি তাঁদের সুযোগ দিতে৷
এ ব্যাপারে রেজাউল করিমের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি৷ তাঁর বড় ভাই সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ বছর আওয়ামী লীগের প্রায় সব নেতারাই ঝুঁট ব্যবসা করেছে৷ নানা কারণে এতদিন আমাদের বঞ্চিত করা হয়েছে৷’
মোশারফ শিকদার বলেন, ‘মন্ত্রী আমাদের সবাইকে মিলেমিশে ঝুঁট ব্যবসা করতে বলেছেন৷ কিন্তু চেয়ারম্যান রেজাউল একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন৷ তাঁর লোকজন বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন৷ ঝুঁট বের করতে বাধা দিচ্ছেন৷’