ঝুটের আগুনে স্লিপার পুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ঝুটের আগুনে রেললাইনের স্লিপার পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রেললাইনের টঙ্গী এলাকায় বেশ কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল টঙ্গী রেলসেতুর (উত্তরাংশে) নিচে গার্মেন্টসের ঝুটভর্তি বস্তার স্তূপে আগুন লাগে। এতে রেললাইনের কাঠের কয়েকটি স্লিপার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কিছুক্ষণ ডাউন ও আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

টঙ্গীর স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ও টঙ্গীগামী কমিউটার এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে এবং জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস টঙ্গী জংশনে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ সময় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে কিছু ট্রেন চলাচল শুরু করে। ফায়ার সার্ভিসের ধারণা, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।