ঝুটের নিয়ন্ত্রণ নিতে গিয়ে অস্ত্রসহ যুবলীগের দুই নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র ও লোকজন নিয়ে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়ে একটি শটগানসহ আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির দুই সহকারী সম্পাদক। গতকাল রোববার ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) এ ঘটনা ঘটে।
যুবলীগের ওই দুই নেতা হলেন রিয়াজ মিনা ও সোহেল পারভেজ। রিয়াজের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হলেও ২০১১ সালে তিনি আশুলিয়া থানা এলাকার ঠিকানায় অস্ত্রের লাইসেন্স করেন। স্ত্রীর চাকরির সুবাদে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকেন।
আশুলিয়া থানার পুলিশ ও ডিইপিজেড কর্তৃপক্ষ জানায়, রিয়াজ ও সোহেল একটি পাজেরো, একটি মাইক্রোবাস, একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন সহযোগী নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডিইপিজেড এলাকায় যান। তাঁরা মূল ফটক দিয়ে ডিইপিজেডে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা অনুমতি ছাড়া তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। তাঁরা শটগান ও পিস্তল উঁচিয়ে নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়ে ভেতরে ঢোকেন। পরে তাঁরা শান্তা ডেনিমস নামের একটি পোশাক কারখানায় যান। ওই কারখানা থেকে ঠিকাদার আকবর হোসেন মৃধার ঝুট বের হচ্ছিল।
রিয়াজ ও সোহেল পারভেজ শ্রমিকদের গালাগাল করে ঝুট বের করতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা অস্ত্র দেখিয়ে সাভারে আওয়ামী লীগের সাংসদ মো. এনামুর রহমানের নির্দেশ আছে উল্লেখ করে ঝুট ব্যবসা তাঁদের দেওয়ার দাবি জানান। খবর পেয়ে ডিইপিজেডের আনসার সদস্যরা সেখানে গিয়ে শটগানসহ রিয়াজ ও সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা গাড়িতে করে পালিয়ে যান।
ঠিকাদার আকবর হোসেন মৃধা সাংবাদিকদের বলেন, তিনি চার বছর ধরে বৈধ ঠিকাদার হিসেবে শান্তা ডেনিমসের সঙ্গে ব্যবসা করছেন। সোহেল ও তাঁর লোকজন তাঁকে বিতাড়িত করে ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।
রিয়াজ ও সোহেলের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ঝুট ব্যবসা দিতে সোহেল ও রিয়াজ ৩ মার্চ শান্তা ডেনিমসের কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। সে বিষয়ে নিশ্চিত হতে গতকাল তাঁরা ওই কারখানায় গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
ডিইপিজেডের নিরাপত্তা বিশেষজ্ঞ আতিক মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডিইপিজেড একটি সংরক্ষিত এলাকা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈধ অস্ত্র নিয়েও এই এলাকায় প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ।
সাংসদ এনামুর রহমান বলেন, ‘ঝুট ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ আমার কথা বলে ফায়দা নিতে চাইলে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’