ঝুপড়িতে ৩০ হাজার উদ্বাস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান বেদখল করে সেখানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে। তাদের অন্তত ২০ হাজারই অনুপ্রবেশকারী রোহিঙ্গা (মিয়ানমারের নাগরিক)। অভিযোগ রয়েছে, এই রোহিঙ্গারা নির্বিচারে ঝাউগাছ নিধন করছে। এ ছাড়া তারা ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত সমুদ্রসৈকত এলাকায় চার দফা অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। ঝাউবাগানের ভেতরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের শিগগিরই উচ্ছেদ করা হবে। পাশাপাশি স্থানীয় লোকজনকে উচ্ছেদ করে অন্যত্র পুনর্বাসনের চেষ্টা চলছে।সম্প্রতি কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের ডায়াবেটিকস হাসপাতালসংলগ্ন ঝাউবাগানে গিয়ে দেখা যায়, সেখানে অন্তত দেড় হাজার ঝুপড়িঘর। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব ঝুপড়িতে অন্তত ১০ হাজার মানুষ অবৈধভাবে বসবাস করছে। তাদের অর্ধেকের বেশি রোহিঙ্গা। ঝুপড়িবাসী পুরুষেরা দিনমজুরি করলেও শত শত নারী ও শিশু জোয়ারের সময় সাগরে নেমে নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ি পোনা ধরে। অনেকে ঝুপড়িতে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও দেশি মদ বিক্রি করছে। ওই সব ঝুপড়ির উত্তর দিকে কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া ও দক্ষিণ দিকে বড়ছড়া, হিমছড়ি, আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকার ঝাউবাগানে আরও কয়েক হাজার ঝুপড়িঘর তৈরি করে বসবাস করছে আরও অন্তত ২০ হাজার মানুষ। তারাও সাগরে চিংড়ির পোনা আহরণ, অন্যান্য মাছ শিকার, উপকূলে শুঁটকি তৈরি এবং পাশের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে জ্বালানি কাঠ ও পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। অনেকে নির্বিচারে নিধন করে ঝাউবাগানের শত শত গাছ। ঝুপড়িতে বসবাসকারী শিশু-কিশোরদের একটা বড় অংশ চুরি, ছিনতাই, মাদকদ্রব্য সরবরাহসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডায়াবেটিকস হাসপাতালসংলগ্ন ঝাউবাগানের একটি ঝুপড়িতে স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে তিন বছর ধরে বসবাস করছেন কুতুবদিয়ার খুদিয়াটেক গ্রামের বাসিন্দা সৈয়দ উল্লাহ (৫৪)। তিনি প্রথম আলোকে জানান, নিজে রিকশা চালান। তিন ছেলেমেয়ে ঝাউবাগানের ভেতর মাছ ধরার জাল তৈরি করে। এ আয় দিয়ে চলছে তাঁদের সংসার। অবৈধভাবে বসবাস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে জন্মভিটা সাগরে বিলীন হয়ে যায়। আমরা সপরিবারে কক্সবাজার শহরে চলে আসি। প্রথম দুই বছর ভাড়া বাসা, তারপর সৈকতের সমিতিপাড়ার খাসজমিতে ঘর বেঁধে বসবাস করছিলাম। তিন বছর আগে যৌথ বাহিনী সমিতিপাড়া থেকে উচ্ছেদ করলে অনেকের সঙ্গে আমরাও এই ঝাউবাগানে ঝুপড়ি বেঁধে কোনোমতে দিন কাটাচ্ছি।’ সৈয়দ উল্লাহর প্রতিবেশী মহেশখালীর নূর নবী (৪৫) এবং ধলঘাটার সিরাজ মিয়া (৫৬) ও সোনা মেহের (৪৮) জানান, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসে তাঁরাও ঘরবাড়ি হারিয়েছেন। এখন মাথা গোঁজার ঠাঁই বলতে ঝাউবাগানের এই ঝুপড়ি। সোনা মেহের নামের একজন বলেন, ‘সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই দিলে আমরা ঝাউবাগান ছেড়ে চলে যাব।’ হিমছড়ি ঝাউবাগানের ভেতর ঝুপড়িতে কয়েক বছর ধরে বসবাস করছে ৪০টির বেশি রোহিঙ্গা পরিবার। তাদের একজন আমির হোসেন (৪৫)। তিনি জানান, নিজ দেশে সামরিক জান্তার অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে চার বছর আগে তিনি পাঁচ সদস্যের পরিবার নিয়ে নাফ নদী পাড় হয়ে টেকনাফে আসেন। সেখান থেকে দুই বছর আগে সপরিবারে এসে এই ঝাউবাগানে আশ্রয় নেন। রোহিঙ্গা মনির উল্লাহ (৩৪) জানান, ঝাউবাগানে ঝুপড়িতে বসবাস করে আয়-রোজগার করলেও আজ অবধি তাঁদের কেউ বাধা দেয়নি। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক জানান, একাধিকবার অভিযান চালিয়ে ঝাউবাগানের ভেতরে বসবাসকারী হাজার হাজার ভাসমান মানুষকে উচ্ছেদ করা হয়। প্রতিবারই উচ্ছেদের পর আবার তারা বসতি গড়ে তোলেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, শুধু পুলিশের পক্ষে রোহিঙ্গাদের চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ করা সম্ভব নয়।